স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই সুরুচি সংঘ ছাড়ছেন প্লেয়াররা, প্রশ্নের মুখে DHFC-ও!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল তল্পিতল্পা গুটিয়ে ক্ষমতা ছেড়ে পালাতেই একে একে গ্রেফতার হচ্ছেন দলীয় নেতা-কর্মীরা (West Bengal)। সবচেয়ে বড় কথা, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসতেই বঙ্গের ক্রীড়া ক্ষেত্রেকে রাজনীতি মুক্ত করার পণ করেছে। এমতাবস্থায়, রাজ্যের বহু তৃণমূল নেতার অধীনে থাকা ক্লাবগুলির অবস্থা একেবারে শোচনীয়। বলাই বাহুল্য, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। অরূপের ঘাড়েও ঝুলছে গ্রেফতারির খাড়া! ঠিক সেই পর্বে এবার অনুশীলন বন্ধ করে দিল দুই ভাইয়ের ক্লাব হিসেবে পরিচিত সুরুচি সংঘ (Suruchi Sangha)। অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবারের আকাশেও!

অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত সুরুচির

জানা গিয়েছে, শহরের অন্যতম পরিচিত দল সুরুচি সংঘ শেষবারের মতো গত বুধবার অনুশীলনে নেমেছিল। এরপর আর অনুশীলন করতে দেখা যায়নি দলের ছেলেদের। এর আগে বৃহস্পতিবার যৌন হেনস্থা, খুনের চেষ্টা এমনকি তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। ওদিকে প্রাক্তন ফেডারেশন সভাপতির পাশাপাশি দাদা অরূপের বিরুদ্ধেও মেসি কান্ড নিয়ে একগুচ্ছ অভিযোগ দায়ের হয়েছে থানায়। ঠিক সেই পরিস্থিতিতে, বন্ধ হয়ে গেল বিশ্বাস পরিবারের সাথে যুক্ত ক্লাব সুরুচি সংঘের অনুশীলন।

এ প্রসঙ্গে, সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, এ নিয়ে ক্লাবের তরফে সরাসরি কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলার অনুশীলন বন্ধ হয়ে গিয়েছে দেখে দল ছেড়ে বেরিয়ে গেছেন। কলকাতা লিগের অন্যান্য দলে ভিড়েছেন তাঁরা। কোচের কথায়, “দেশের নানান প্রান্ত থেকে শক্তিশালী ফুটবলারদের নিয়ে এবছর কঠিন দল গড়েছিলাম আমরা। সব ঠিক থাকলে বড় দলগুলিকে টেক্কা দিতে পারতো সুরুচি। তবে আপাতত দলটার অনুশীলনই বন্ধ হয়ে গেল।” এ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি ক্লাব কর্তারা।

অবশ্যই পড়ুন: প্রয়াত অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের কোচ

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সেনাপতি তথা রাজ্যের যুবরাজ হিসেবে পরিচিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। বেআইনি নির্মাণ থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার এমনকি অবগারী দপ্তরের কেলেঙ্কারিতেও নাম উঠছে অভিষেকের। তাছাড়াও গতকাল বিধানসভায় সই জাল কাণ্ডে CID দপ্তরে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। এমতাবস্থায়, অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবারের ভবিষ্যৎ কী হবে সেই উত্তর নেই কারও কাছে।