বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আরও একবার সর্বসমক্ষে উন্মুক্ত হয়ে গেল ভারতীয় বোলিং বিভাগের দুর্বলতা (Team India)। সবেমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু করেছে ভারতীয় দল (India Vs West Indies)। আর সেই আসরের প্রথম দিনে টিম ইন্ডিয়ার বোলারদের কার্যত পিটিয়ে ছাতু করলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে জাতীয় দলের বোলারদের বাইরের পথ দেখিয়ে একের পর এক চার, ছয় মারতে থাকেন জাস্টিন গ্রিভসরা। ম্যাচের একটা সময় কিছুতেই ওয়েস্ট ইন্ডিজকে বাগে আনতে পারছিল না ভারত। তা থেকেই বোঝা গিয়েছে টিম ইন্ডিয়ার ওয়ানডে বোলিংয়ের অবস্থা নড়বড়ে!
ভারতের বোলারদের পিটিয়ে দুর্বলতা দেখালো ওয়েস্ট ইন্ডিজ
বহু অপেক্ষিত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শুভমন গিল। সেই সূত্রেই ব্যাট হাতে মাঠে নামে ক্যারিবিয়ান দল। আর মাঠে এসেই ভারতের উপর চড়াও হলেন তাঁরা। এদিন ওপেনিং করতে নেমে ব্যাটে আগুন ঝরিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল এবং গ্রিভস। প্রথমজন 62 রান করে আউট হলেও গ্রিভস একাই করে ফেলেন 101 রান। তাতেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
এদিন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বল করতে গিয়ে নাকাল অবস্থা হয়েছে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজারও। 10 ওভার বল করে 57 রান দিলেও একটি উইকেটও তুলতে পারেননি এই ভারতীয় অলরাউন্ডার। এছাড়াও নীতিশ কুমার রেড্ডি, গুরনূর ব্রাররাও বল হাতে দলের জন্য কিছুই করতে পারেননি। এদিকে সময়ের সাথে সাথে নিজেদের রানের সংখ্যা বাড়িয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে পুরোপুরি প্রমাণ করে দিয়েছে একদিনের ক্রিকেটে ভারতের বোলিং এখনও যথেষ্ট দুর্বল।
আরও পড়ুন: মোহনবাগানকে গালিগালাজ ইস্টবেঙ্গল ভক্তদের, অন্য দলে খেললেও রুখে দাঁড়ালেন প্রীতম কোটাল
বলাই বাহুল্য, রবিবার শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার দাপুটে ব্যাটিং করলেও পরবর্তীতে কুলদীপ যাদবের কব্জির জোরের কাছে একপ্রকার আত্মসমর্পণ করতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের 4 জন ব্যাটসম্যান। হ্যাঁ, জাতীয় দলে একপ্রকার উপেক্ষিত এই বোলার আজ চারটি উইকেট তুলে সকলকে চমকে দিয়েছেন। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত বাকিরা উইকেট তুলতে না পারলেও 2টি উইকেট পেয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তখন 45.5 ওভারে 6 উইকেট হারিয়ে 260 রান তুলে ফেলেছিল ক্যারিবিয়ান দল।










