বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ রক্ষা হল না ভারতের (Team India)। সিরিজ জিতলেও নিয়ম রক্ষার শেষ টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়াকে 7 উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড। তাতে টানা দুই ম্যাচে হেরে কিছুটা হলেও মান সম্মান খোয়ালো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল ভারত। এমনিতেও রবিবারের ম্যাচে ভারত যে হারবে, সেটা বোঝা গিয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের ব্যর্থতা দেখেই। সঞ্জু ও অভিষেক পরপর দুজন ওপেনার ব্যর্থ হওয়ায় সুযোগের সদ্ব্যবহার করে নিল কেউই বাহিনী।
ভারতীয় দলকে সহজে হারিয়ে দিল নিউজিল্যান্ড
রবিবার, প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 191 রান তুলেছিল ভারতীয় দল। এদিন দেশের হয়ে অর্ধ শতরান করেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং ইশান কিষাণ। এই দুই তারকার জোরেই 190 রানের গন্ডি টপকে যায় ভারত। তবে টিম ইন্ডিয়ার সমস্ত পরিশ্রমে একেবারে জল ছিটিয়ে দিলেন নিউজিল্যান্ডের টিম শেইফার্ট। কলকাতা নাইট রাইডার্স দলের এই খেলোয়াড় এদিন 93 রান করে ভারতীয় বোলারদের উপর দাপট দেখান।
কলকাতার আরেক ওপেনার ফিন অ্যালেন এদিন 2 রান করে আউট হয়ে গেলেও একেবারে একার হাতে ভারতকে হারানোর দায়িত্ব নিয়ে নিয়েছিলেন KKR তারকা শেইফার্ট। বলাই বাহুল্য, রবিবার 50 বলে 11টি চার ও 5টি ছয় হাঁকিয়ে নিজের ইনিংস গুছিয়ে নিয়েছিলেন এই নাইট তারকা। তাঁকে অবশ্য সঙ্গ দিয়েছেন গ্লেন ফিলিপস। এই কিউই তারকাও এদিন হাফ সেঞ্চুরি করে ভারতীয় বোলারদের উপর ছরি ঘুরিয়েছিলেন। তাতে শেষ পর্যন্ত পরাজয় নিয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতকে।
আরও পড়ুন: ছক্কা মেরেই বিশ্বের ১ নম্বর দল হয়ে উঠল ভারত
প্রসঙ্গত, এদিন নিউজিল্যান্ডের সামনে ডাহা ফেল করেছে ভারতের বোলিং বিভাগ। অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং নীতিশ কুমার রেড্ডি, একটি করে উইকেট পেলেও ভুবনেশ্বর কুমাররা রবিবার কিছুই করে দেখাতে পারেননি। বাধ্য হয়ে বল করতে নামানো হয়েছিল অভিষেক শর্মাকেও। তবে এক ওভারে 13 রান দিয়ে চলে যান তিনি। পরিবর্তে তুলতে পারেননি একটি উইকেটও। আর এই ব্যর্থতাই ভারতকে পরাজয়ের পথে ঠেলে দিল।










