সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি অতি সম্প্রতি বিমান যাত্রার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবার পেট্রোলিয়াম কোম্পানিগুলো এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF Price Hike) এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। রবিবার থেকে এটিএফ-এর দাম লিটার প্রতি ১.৩৭ টাকা এবং ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০ টাকা বাড়ানো হয়েছে বলে খবর।
ফের দাম বাড়ল ATF-র
আর এই নিয়ে টানা চতুর্থ মাসের মতো এভিয়েশন ফুয়েলের দাম বাড়ানো হলো। এর আগে, ১ অক্টোবর এটিএফ-এর দামে লিটার প্রতি ১৬ টাকার বড় বৃদ্ধি করা হয়েছিল। অন্যদিকে, সেপ্টেম্বরে লিটার প্রতি ৬.২৮ টাকা এবং আগস্টে লিটার প্রতি ৫ টাকা দাম বেড়েছিল। এখন স্বাভাবিকাভবেই প্রশ্ন উঠছে, আগামী দিনে কি বিমান ভাড়াও বাড়বে? বিমান জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয়ের উপর চাপ বাড়াবে।
বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের প্রায় ৪০ শতাংশই এটিএফ-এর জন্য ব্যয় হয়। এমন পরিস্থিতিতে, এটিএফ-এর খরচের কারণে বিমান সংস্থাগুলোর ব্যয় আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। একইভাবে, হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি-র দামও ১০ টাকা বাড়িয়ে ২,৮২০ টাকা করা হয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ক্রমাগত বাড়ছে। এর আগে, ১ অক্টোবর এর দাম ৬২.৫০ টাকা বাড়ানো হয়েছিল। সেপ্টেম্বরেও সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বেড়েছিল।
আরও পড়ুনঃ দীপাবলির আগে ফের দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের, চেক করুন নতুন রেট
দাম বেড়েছে রান্নার গ্যাসেরও
এর আগে জুলাই ও আগস্ট মাসে বাণিজ্যিক এলপিজির দাম যথাক্রমে ১৮৩.৫০ টাকা এবং ১৯২ টাকা কমানো হয়েছিল। আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে জুন মাসে বাণিজ্যিক এলপিজির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে একটি ১৯-কিলোগ্রাম সিলিন্ডারের দাম মোট ১,৩৭৩ টাকা বেড়ে ১,৭৪০.৫০ টাকা থেকে ৩,১১৩.৫০ টাকায় দাঁড়িয়েছিল।
পেট্রোলিয়াম কোম্পানিগুলো প্রতি মাসের এক তারিখে এটিএফ এবং এলপিজির দাম পর্যালোচনা করে। আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যগুলোর নির্ধারিত মূল্য এবং রুপি-ডলার বিনিময় হারের ওপর ভিত্তি করে এই দাম নির্ধারণ করা হয়। স্থানীয় কর, বিশেষ করে মূল্য সংযোজন কর (ভ্যাট)-এর কারণে রাজ্যভেদেও দামের তারতম্য ঘটে। অন্যদিকে, গার্হস্থ্য গ্রাহকরা আপাতত কিছুটা স্বস্তি পেয়েছেন। একটি ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ টাকায় স্থিতিশীল রয়েছে। পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি।










