মালবোঝাই ট্রাকের চাপে নদীতে ভেঙে পড়ল সেতু, মাথাভাঙায় ব্যাহত যাতায়াত

Published:

Mathabhanga

সৌভিক মুখার্জী, কলকাতা: বড়সড় দুর্ঘটনা উত্তরবঙ্গে। কোচবিহারের মাথাভাঙা (Mathabhanga) ২ ব্লকে মালবোঝাই ট্রাকের অতিরিক্ত ভারে ভেঙে পড়ল দীর্ঘদিনের পুরনো এক সেতু। রবিবার সকালে ঘটেছে এই ঘটনা। জানা যাচ্ছে, ভেরভেরি নদীর ওপর থাকা লোহার ওই সেতুটি দিয়ে মালবোঝাই ট্রাক যাতায়াতের সময় সেটি অতিরিক্ত ভারের চাপে ভেঙে পড়েছে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, কোনও মতে ট্রাকটি ওই ভাঙা সেতুর ওপরে আটকে রয়েছে।

কোচবিহারে ভেঙে পড়ল সেতু

কোচবিহারের মাথাভাঙা ২ ব্লকের উনিশবিশা পঞ্চায়েতের খড়িকাবাড়ি এলাকায় ভেরভেরি নদীর ওপর দীর্ঘদিন ধরে যাতায়াতের মূল ভরসা ছিল ওই লোহার সেতুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেতুর ওপর দিয়ে রবিবার সকালে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ভার সহ্য না করতে পেরে মাঝখান থেকে ভেঙে সরাসরি নদীতে পড়ে যায়। যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মাঝ নদীতেই সেতুর ওপর কোনও মতে আটকে রয়েছে ওই ১০ চাকা লরি। সেটিকে উদ্ধার করার জন্য ক্রেন আনা হয়েছে বলেও খবর।

তবে আচমকা সেতু ভেঙে পড়ার কারণে নদীর দুই পাড়ের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। খড়িকাবাড়ি এবং তার আশেপাশের অঞ্চলের বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রেও চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। স্থানীয়দের দাবি, এই জরাজীর্ণ সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল ছিল অত্যন্ত বিপজ্জনক। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আগে থেকে কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয় এবং খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছয়। পাশাপাশি ট্রাকটি উদ্ধারের জন্য শুরু হয়েছে তৎপরতা।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা থেকে সংখ্যালঘুদের বঞ্চিত করার অভিযোগ, ডেপুটেশন জমা মহিলাদের

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিনের পুরনো সেতুটি। সংস্কার হয়নি বহুদিন। প্রশাসনের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। সেতুটি জরাজীর্ণ হওয়া সত্ত্বেও নিয়মিত অতিরিক্ত মালবোঝাই ট্রাক পারাপার হয়। আজ সকালে ট্রাকটি যখন সেতুর ওপর দিয়ে যাচ্ছিল, তখন মাঝপথে যেতেই ভেঙে পড়ে নদীতে। তবে সেতু সংস্কার না হলে স্থানীয় যোগাযোগ সম্পূর্ণ ব্যাহত হবে।”

google button