বিক্রম ব্যানার্জী, কলকাতা: হংকং সিক্সেসে একটানা পরাজয়ের পর অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে কোনওমতে জয়ের মুখ দেখল ভারত (Team India)। একেবারে শেষ বলে জিতে লজ্জা এড়ালেন ক্রুণাল পান্ডিয়ারা। এই জয়ের ফলে 12 দলের প্রতিযোগিতায় 11 তম স্থানে শেষ করল ভারত। অর্থাৎ একটুর জন্য লাস্ট বয় হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে টিম ইন্ডিয়া। বিশেষ টুর্নামেন্টটিতে ভারতীয় দলের পারফর্মেন্স একেবারেই মন জয় করেনি ভক্তদের।
টানা পরাজয়ের পর অবশেষে সাফল্য
হংকং সিক্সেস নামক বিশেষ টুর্নামেন্টটিতে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। সেই ধারা পরিবর্তনের সুযোগ ছিল পান্ডিয়াদের হাতে। তবে গ্রুপ পর্বেই পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী থেকে শুরু করে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। যার ফলে তালিকার একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। 11-12 স্থানের লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া।
এদিন, টস জেতার পর প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। তাতে ব্যাট করতে নেমে 18 বলে 62 রান একাই তোলেন আবু হাইদার। সেই সূত্রেই 6 ওভারে 5 উইকেট হারিয়ে 116 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। পরবর্তীতে 117 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 9 উইকেট হাতে রেখে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। বলাই বাহুল্য, ভারতের হয়ে এদিন সবচেয়ে বেশি রান করেছিলেন শশাঙ্ক সিং। তাঁর ব্যাট থেকে 7টি ছয় 1টি চার সহযোগে 50 রান পেয়েছিল দল। তাতেই সম্মান বেঁচেছে ভারতীয় দলের।
আরও পড়ুন: পঞ্চম টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন এই ৩ প্লেয়ার, এন্ট্রি নেবেন কারা?
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অনুমোদিত এই বিশেষ টুর্নামেন্টে মূলত অবসরপ্রাপ্ত বা আনকোরা ক্রিকেটাররা সুযোগ পান। তবে এবছর প্রথমে ভুবনেশ্বর কুমারকে অধিনায়ক করে চমকে দিয়েছিল বোর্ড। তবে ভুবি নিউজিল্যান্ড সিরিজের দলে থাকায় তিনি এই আসরে খেলতে পারেননি। যার জেরে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় ক্রুণাল পান্ডিয়ার নাম।










