বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র 15 বছর বয়সী এই প্লেয়ারের উপর অগাধ আস্থা রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় ক্রিকেটারের প্রতি প্রত্যাশা একেবারে তুঙ্গে ভক্তদের। আর সেটাই বোধহয় কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নেমেই 14 রানে আউট হয়ে মাঠ ছাড়েন বৈভব। তাতে মন খারাপ হয়েছিল ভক্তদের। যদিও সেই মন খারাপ ভুলিয়ে দিলেন পরের ম্যাচেই। তবে হাফ সেঞ্চুরির কাছে গিয়েও ফিরে আসতে হল বৈভবকে।
ওয়ানডেতে টি-টোয়েন্টির মতো ব্যাটিং
আফগানিস্তানের এ দলের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথমে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। এদিন ওপেনিং করতে এসেই ব্যাট হাতে ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। 22 বলে 44 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। তবে এই ম্যাচে হাফ সেঞ্চুরি করা হয়নি সূর্যবংশীর। 44 রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। বৈভব আউট হয়ে যাওয়ার পর ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, একেবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা টি-টোয়েন্টি ক্রিকেটের মতো ওয়ানডেতেও ব্যাটিং করছেন বৈভব। এর ফলে অল্প সময়ে রান তুলতে পারলেও হাফ সেঞ্চুরির আগেই আউট হতে হল তাঁকে।
কেউ কেউ মনে করছেন, সাধারণত 20 ওভারের ক্রিকেটে বৈভব যে ব্যস্ততাটা দেখান সেটা 50 ওভারের ক্রিকেটে একেবারেই মানানসই নয়। আসলে তাড়াহুড়ো করতে গিয়ে শুরুর দিকে কিছুটা রান ওঠে ঠিকই, তবে দ্রুত উইকেট চলে যায়। সেটাই হয়েছে বৈভবের সাথে। আর এমনটা চলতে থাকলে অর্থাৎ টি-টোয়েন্টি স্টাইলে ওয়ানডেতেও যদি বৈভব ব্যাটিং করতে থাকেন সেক্ষেত্রে ভবিষ্যৎ খুব একটা ভাল নয় বিহারের ছেলের, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
অবশ্যই পড়ুন: আর রক্ষে নেই! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দাপটের সাথে ব্যাটিং করেছেন বৈভব। আর সেই পরিশ্রমের ফলও হাতেনাতে পেয়েছেন তিনি। বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হলে একের পর এক পুরস্কার গিয়েছে বৈভবের ঝুলিতে। সেই সূত্রেই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের বড়দের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন 15 বছরের কিশোর।










