বোলারদের ‘পিটিয়ে’ ৯২ রান, ৫৭ বছরের পুরনো রেকর্ড বিসর্জন দিলেন বৈভব সূর্যবংশী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) মানেই যেন রেকর্ডের ফুলঝুরি। যবে থেকে ক্রিকেটে একটু পরিচিত হয়েছেন, ঠিক তবে থেকেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড নিজের নামে করে আসছেন বিহারের এই খুদে ক্রিকেটার। বয়স 15 বছর হলেও প্রতিপক্ষ দলের বোলারদের একটুও ভয় পান না তিনি। যার প্রমাণ এবার মিলল দিলীপ ট্রফিতেও (Duleep Trophy)। এর আগে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে এবার সেন্ট্রাল জোনের বিরুদ্ধে মাঠে নেমে অল্পের জন্য সেঞ্চুরি হাত ফসকালো বৈভবের। তবে 100 করা না হলেও 57 বছরের পুরনো রেকর্ড ভেঙে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন সূর্যবংশী।

57 বছরের রেকর্ড ভেঙে ধুলোয় মিশিয়ে দিলেন বৈভব!

দিলীপ ট্রফির সেমিফাইনালে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পূর্বাঞ্চল। সেই সূত্রেই প্রথম ইনিংসে 266 রানে অলআউট হয়ে যায় সেন্ট্রাল জোন। পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে ব্যাট হাতে একেবারে আগুন ঝরালেন বৈভব সূর্যবংশীরা। বিহারের এই খুদে ক্রিকেটার একাই 92 রানে দাপুটে ইনিংস খেলে সকলকে চমকে দেন। তবে অল্পের জন্য হাতছাড়া হয় সেঞ্চুরি। তাতে খানিকটা দুঃখ থাকলেও 57 বছরের রেকর্ড ভেঙে বৈভব সেই দুঃখ পুষিয়ে নিয়েছেন।

বলাই বাহুল্য, এদিন দিলীপ ট্রফিতে হাফ সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। এর আগে এত কম বয়সে দিলীপ ট্রফির মঞ্চে হাফ সেঞ্চুরি করতে পারেননি কেউ। শেষবারের মতো 1969 সালে 16 বছর 23 দিন বয়সে হাফ সেঞ্চুরি করেছিলেন লক্ষ্মণ সিং। এতদিন সেটাই ছিল দিলীপ ট্রফিতে সর্বকনিষ্ঠ প্লেয়ারের হাফ সেঞ্চুরির রেকর্ড। তবে 15 বছর 175 দিন বয়সে অর্ধশতরান করে সেই রেকর্ড ধুলোয় মিশিয়ে দিলেন বৈভব।

আরও পড়ুন: IPL-এ বদলাতে পারে বড় নিয়ম, ১০ দলের কাছে মতামত চাইল BCCI

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও রুদ্রমূর্তি ধারণ করছেন বৈভব সূর্যবংশী। এর আগে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে ব্যাট হাতে সেভাবে কিছু করতে না পারলেও বল করতে নেমে দুটি উইকেট তুলে নেন তিনি। আর তাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বৈভবের বোলার সত্তা। এ প্রসঙ্গে তিনি নিজেও জানিয়েছেন, বল করে উইকেট তুলতে ভালই লাগে তাঁর।