বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভয়ডরহীন ক্রিকেট কেমন হওয়া উচিত সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন 15 বছরের এই কিশোর। ভারতীয় তারকার ব্যাটের বেপরোয়া গতি হার মানিয়েছে জসপ্রীত বুমরাহর মতো দক্ষ বোলারদের। ক্রিকেটে বৈভব সূর্যবংশীর ভবিষ্যত যে অত্যন্ত উজ্জ্বল সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য ইতিমধ্যেই সব রকম যোগ্যতা অর্জন করেছেন এই খেলোয়াড়। এবার সেই সূর্যবংশীকে নিয়ে এক কিংবদন্তি ক্রিকেটারের মত, সচিন তেন্ডুলকরের পর বৈভবই ভবিষ্যৎ ক্রিকেটের ঈশ্বর!
বৈভবকে নিয়ে প্রচুর আশা শ্রীকান্তের
ভারতের প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তি কৃষ্ণমাচারি শ্রীকান্ত চাইছেন যত দ্রুত সম্ভব বৈভব সূর্যবংশীকে সিনিয়রদের ভারতীয় দলে জায়গা দেওয়া হোক। সম্প্রতি জল্পনা বেড়েছে, বিহারের কিশোর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বয়সের নিয়ম অনুযায়ী, 15 বছরে পা রেখে টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার জন্য যোগ্য। হয়তো সে কারণেই ভারত বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ায় দেখা যেতে পারে বৈভবকে। আর সেটা হলে সচিনকে ছাপিয়ে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করবেন বৈভব।
ভারতীয় দলের একসময়ের কিংবদন্তি খেলোয়াড় শ্রীকান্ত বলছেন, বৈভব সূর্যবংশীর প্রতিভা প্রশংসনীয়। তাঁর এখনই সিনিয়র দলে অংশগ্রহণ করা উচিত। বৈভব সূর্যবংশী সঠিকভাবে নিজেকে গড়ে তুলতে পারলে তিনি ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রধান সম্পদ হয়ে উঠতে পারেন। এই ভারতীয় কিংবদন্তি টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকরকেও খুদে বৈভবকে দলে নিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শ্রীকান্তের কথায়, “আমি বলছি ওকে দলে নিয়ে নাও। ওকে পরের সিরিজ থেকেই টিম ইন্ডিয়ায় রাখা উচিত। টি-টোয়েন্টির 15 সদস্যের দলে ও থাকুক।”
অবশ্যই পড়ুন: সূর্যকুমারের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন? এগিয়ে ৪ বড় নাম
এদিন শ্রীকান্ত এও বলেন, “বৈভব যেভাবে একের পর এক ছক্কা মারছে তা দেখে সত্যিই অবাক হতে হয়। বুমরাহ, হ্যাজেলউডের মতো প্লেয়ারের বল উড়িয়ে দিচ্ছে। এসব দেখে বলতেই হয় ও ভারতের ভবিষ্যৎ ক্রিকেটের ঈশ্বর হয়ে উঠতে পারে।” সব মিলিয়ে, বৈভব সূর্যবংশীর ভয়হীন ব্যাটিং দেখে শ্রীকান্ত একপ্রকার নিশ্চিত যে বিহারের এই ছেলেই একটা সময় ভারতীয় ক্রিকেটকে পথ দেখাবে!










