মুম্বাইয়ে হামলা, সিংহম অফিসারের বিরুদ্ধে মামলা…! আজকের সেরা ১০ খবর (২৮ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ এপ্রিল, মঙ্গলবার। মুম্বাইয়ে হামলা, সিংহম অফিসারের বিরুদ্ধে মামলা, ডানকুনি-দিল্লি স্পেশাল ট্রেন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বহরমপুর স্টেশনে গ্রেপ্তার নকল টিটিই

রেল পুলিশের তৎপরতায় বহরমপুর স্টেশনে এক জাল টিকিট পরীক্ষক ধরা পড়েছে। কালো কোর্ট এবং ভুয়ো পরিচয়পত্র পরে গত তিন মাস ধরে যাত্রীদের কাছ থেকে তিনি জরিমানা আদায় করছিলেন। তাঁর নাম মোহন চৌধুরী। গত রবিবার এক নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের কাছে টিকিট পরীক্ষার সময় সন্দেহ হওয়ার কারণে যাত্রীরা তাঁকে ধরে ফেলে। তদন্ত করে জানা যায়, ধৃতের গলার আইডি কার্ডটি সম্পূর্ণ জাল এবং জেরা করলে অভিযুক্ত জানিয়েছে, এই চক্রে আরও তিনজন জড়িত রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) পহেলগাঁও ধাঁচে ধর্ম জিজ্ঞাসা করে হামলা মুম্বাইতে

মুম্বাইয়ের মীরা রোডে পহেলগাঁও হামলার ধাঁচে নয়ানগর এলাকায় হল হামলা। এক নির্মাণাধীন বহুতলের দুই নিরাপত্তা রক্ষীকে ধর্ম জিজ্ঞাসা করে কলমা পরার চাপ দিয়েছিল জাহিদ জুবের আনসারী নামের এক যুবক। তবে তাতে রাজি না হওয়ার কারণে তাঁদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমেরিকা ফেরত ওই যুবককে গ্রেফতার করে ফেলেছে পুলিশ। তাঁর ডায়েরিতে আইএসআইএস, জিহাদের মতো বিভিন্ন শব্দ মিলেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ভারতে আনা হল দাউদ ঘনিষ্ঠ ড্রাগ কাণ্ডের হোতা সেলিম ডোলাকে

দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ও আন্তর্জাতিক মাদক চক্রের হোতা সেলিম ডোলাকে তুরস্ক থেকে ভারতের ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার সকালে দুবাই থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছলে তাঁকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ৫০০০ কোটি টাকার মাদক পাচার এবং একাধিক কোম্পানির কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এমনটাই খবর। জাল পাসপোর্ট ব্যবহারের দায়ে ধরা পড়া এই মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) সীমান্তে বেড়া দেওয়া নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা হাইকোর্টের

ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরে গড়িমসি করার কারণে রাজ্য সরকারকে এবার তীব্র ভর্ৎসনা করেছে হাইকোর্ট। ১২৮ কিলোমিটার এলাকার জন্য কেন্দ্র সরকার অর্থ দিলেও রাজ্য মাত্র ৮ কিলোমিটারের জমি প্রতিরক্ষা মন্ত্রককে হস্তান্তর করেছে। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই গাফিলতির জন্য সংশ্লিষ্ট আধিকারিককে ২৫,০০০ টাকা ব্যক্তিগত জরিমানার নির্দেশ দিয়েছেন বলে খবর। আদালত জানিয়েছে, কেন বাকি জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়নি তা আগামী ১৫ মে-র মধ্যে জানাতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ডানকুনি-দিল্লি স্পেশাল ট্রেন চালু করল রেল

গরমের ছুটিতে উত্তর ভারতগামী যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য ডানকুনি ও আনন্দবিহার টার্মিনালের মধ্যে বিশেষ সামার স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। ০৩০০৯ ডানকুনি–আনন্দবিহার স্পেশাল ট্রেনটি আগামী ৯ মে থেকে ২৭ জুন পর্যন্ত প্রতি শনিবার দুপুর ১২:৩০ মিনিটে ডানকুনি ছেড়ে পরদিন সকালে ১১ টায় গন্তব্যে পৌঁছবে। একইভাবে ০৩০১০ স্পেশাল ট্রেনটি ১০ মে থেকে ২৮ জুন পর্যন্ত প্রতি রবিবার দিল্লি থেকে ছাড়বে। বর্ধমান, আসানসোল, গয়ার মতো বিভিন্ন স্টেশনে ট্রেনটি থামবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ভারতকে চতুর্থ S-400 পাঠাল রাশিয়া

আকাশ পথে দুর্ভেদ্য করার জন্য রাশিয়া থেকে চতুর্থ S-400 মিসাইল সিস্টেম পাচ্ছে ভারত। মে মাসের মাঝামাঝি সময়ে এটি ভারতীয় বন্দরে পৌঁছনোর কথা। পাকিস্তান সীমান্ত সংলগ্ন রাজস্থান সেক্টরে একটি মোতায়েন করা হতে পারে বলেই খবর। উল্লেখ করার বিষয়, ২০২৫ সালের অপারেশন সিঁদুরে এই সিস্টেমের কার্যকারিতা প্রমাণ হওয়ার কারণে সরকার আরও একটি নতুন ইউনিট এবং ২৮০টি মিসাইল কেনার সবুজ সংকেত দিয়েছে। আর পঞ্চম ইউনিটটি নভেম্বর মাসে আসার কথা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) টাকার দাবিদার প্রমাণ দিতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে ভাই

নিয়ম রক্ষা করতে গিয়ে অমানবিকতার চূড়ান্ত নিদর্শন ওড়িশার কেঁওঝড় জেলায়। মৃত দিদির অ্যাকাউন্টে ঢাকা ১৯,৩০০ টাকা তুলতে তাঁর কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির হয়েছেন ভাই জিতু মুন্ডা নামের ব্যক্তি। অভিযোগ, উপযুক্ত নথির অভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকার করেছিল। তারা আমানতকারীর উপস্থিতির দাবি জানায়। জিতু নিরাশ হয়েই শ্মশান থেকে কঙ্কাল করে বের করে কাপড়ে জড়িয়ে ব্যাঙ্কে নিয়ে যান। আর এই মর্মান্তিক দৃশ্য ভাইরাল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ‘সিংহম’ অফিসারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা

দ্বিতীয় দফার ভোটের আগে আইপিএস অজয় পাল শর্মার সক্রিয় মনোভাব নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। ফলতার নেতা জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে হুমকি এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে বিচারপতি কৃষ্ণ রাও-এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট প্রক্রিয়া চলাকালীন নির্বাচনী আধিকারিকের কাজে আদালত কোনও রকম হস্তক্ষেপ করবে না। ফলত সিংহম মেজাজে থাকা এই অফিসারের রাশ টানার চেষ্টা ব্যর্থ হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) হরমুজ সঙ্কটের মধ্যে বিপুল তেল ও গ্যাসের ভাণ্ডার পেল ভারত

গোটা বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় বিরাট সাফল্য পেয়েছে ভারত। সরকারের মালিকানাধীন সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড লিবিয়ার ঘাদামেস বেসিনে প্রায় ৬৬৩০ বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকায় খননকার্য চালিয়ে বিপুল পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আবিষ্কার করেছে। ওই ব্লকের ৬ নম্বর কূপ থেকে এই হাইড্রোকার্বনের সন্ধান মিলেছে। হরমুজ প্রণালীর অস্থিরতার জেরে আন্তর্জাতিক টানাপড়েনের আবহে বিদেশের মাটিতে ভারতের এই আবিষ্কার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) শুরু হল কলকাতা গোয়া বাস পরিষেবা

ট্রেনের টিকিটের ঝঞ্ঝাট এড়ানোর জন্য এবার কলকাতা থেকে সরাসরি গোয়া যাওয়ার বাস পরিষেবা চালু হচ্ছে। সাঁতরাগাছি থেকে গোয়ার পাঞ্জিম পর্যন্ত এই ঝাঁ-চকচকে ভলবো বাসটি পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা দেবে বলেই মনে করা হচ্ছে। প্রায় ২০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক ৪৮ থেকে ৫০ ঘণ্টা। প্রতিদিন রাত ১০:৪৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে তৃতীয় দিন রাতে পাঞ্জিম পৌঁছবে এই বাসটি। মাথাপিছু ভাড়া ধরা হয়েছে ৫০০০ টাকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন