প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে কলকাতায় সহ বাংলার অধিকাংশ জেলায়। কোথাও আবার মুষলধারায় নামছে বৃষ্টি, বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ, হাওয়া অফিস জানিয়েছে আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) উত্তর (North Bengal) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একনজরের সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
নিম্নচাপের কাঁটা বঙ্গে
হাওয়া অফিস জানিয়েছে এইমুহুর্তে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূল ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, আর সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এগোচ্ছে। আর তার প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট জারি থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মেঘলা আকাশ থাকবে সারাক্ষণ। অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বেশ বাড়বে। আগামীকাল, বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতার আবহাওয়া
নিম্নচাপের জেরে কলকাতায় সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝে মধ্যে হালকা রোদের ঝলক দেখলেও সেটা খুব সাময়িক থাকবে। তবে এখনই ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এদিকে গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে জল জমে গিয়েছে এলাকায় এলাকায়। ইতিমধ্যে জল জমেছে দক্ষিণ কলকাতার বড় রাস্তা থেকে অলি-গলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারও জারি থাকতে পারে এই অবস্থা।
আরও পড়ুন: দলিত বলে নিখিলকে হেনস্থার অভিযোগ যাদবপুরে, ৭ দিনের মধ্যে রিপোর্ট চাইল NCSC
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বাতাস বইবে। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে।










