প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় কম বেশি সব জায়গায় বিকেল হলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তাতে সাময়িক স্বস্তি মিললেও গরম পুরোপুরি কমছে না। এদিকে উত্তরবঙ্গে (North Bengal) ইতিমধ্যেই প্রাক বর্ষার মেজাজ রয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দু’দিনের (Weather Tomorrow) মধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে, যা পূর্ব বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বিস্তৃত। একইসঙ্গে আবার পশ্চিমবঙ্গ, সিকিম ও পার্শ্ববর্তী এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এই কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে আগামী সাত দিন ধরে উত্তরবঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে মাঝে মধ্যেই রোদ দেখা যাবে। যার ফলে ভ্যাপসা চাপা গরম অনুভূত হবে। যদিও বিকেলের দিকে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঘণ্টায় প্রায় ৬০-৭০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনার রয়েছে। যার ফলে সাময়িক স্বস্তি মিলবে। যদিও গরম পুরোপুরি কমবে না। তবে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির জেরে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির দাপট থাকবে।
আরও পড়ুন: মুখে-কাঁধে গুলি খেয়েও নিকেশ করেন জঙ্গি, ল্যান্স নায়েক মিনাতচি ভূষিত হলেন কীর্তি চক্রে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাক-বর্ষার আমেজ তৈরি হয়েছে। সপ্তাহজুড়ে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, বুধবারও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










