সহেলি মিত্র, কলকাতা: ভারী বৃষ্টি যেন পিছুই ছাড়তে চাইছে না বাংলার। নিম্নচাপ ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা এই তিনের প্রভাবে আপাতত বাংলাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তাণ্ডব চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Today)। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে খবর। ইতিমধ্যেই শনিবারও ভিজেছে কলকাতা। এরপর আজ রবিবার (Weather Today) সকাল থেকেই আকাশ মেঘলা। আপাতত বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সময়ের মধ্যে কলকাতায় কোনও ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিনেও দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায়।
উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি একই এলাকার উপর একটি নিম্নচাপ এলাকা হিসেবে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ দিকে হেলে রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে মধ্যপ্রদেশের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রী গঙ্গানগর, নাজিবাবাদ, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপর অবস্থিত নিম্নচাপ ক্ষেত্রের কেন্দ্র, দিল্লি, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে পূর্ব দিকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব রাজস্থান থেকে মালদহ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি বর্তমানে দক্ষিণ হরিয়ানা থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এটি উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের নিম্নচাপের সঙ্গে যুক্ত পূর্বাবর্ত, মেঘালয়, বাংলাদেশের উত্তরাংশ এবং বাংলাদেশ অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ০.৯ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক রবিবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।
আগামীকালের আবহাওয়া
সোমবারের কথা বললে এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ইত্যাদি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।










