গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Today) অনুযায়ী, পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার সৌজন্যে বাংলায় নতুন করে পুজোর মুখে দুর্যোগ শুরু হয়েছে। অবশ্য এই দুর্যোগের আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর বৃষ্টি চলবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া এবং কলকাতা জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি প্রবল বজ্রবিদ্যুতের জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে সেটি খুব সম্ভবত পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপ হিসেবেই বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।

আরও পড়ুনঃ কুমোরটুলির শিল্পীর গড়া বাংলার প্রথম AI দুর্গা পাড়ি দিল গন্তব্যে, কোথায় গেল জানেন?

আগামীকালের আবহাওয়া

শুক্রবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে বলে খবর। পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। প্রবল বজ্রবিদ্যুতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। বাকি জেলাগুলিতেও বৃষ্টির দাপট থাকবে বলে খবর। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর।