এবার ভ্যাপসা গরম, তাপপ্রবাহে নাকাল হবে দক্ষিণবঙ্গ! আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শেষে এবার তাপমাত্রা মাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। গত কয়েক সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিকেলের দিকে কালবৈশাখী এবং তুমুল বৃষ্টির কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) মনোরম আবহাওয়া দেখা গিয়েছিল। যার ফলে বৈশাখের তপ্ত গরমে মালুম পাওয়া যায়নি। কিন্তু মে-র দ্বিতীয় সপ্তাহ পড়তে না পড়তেই এবার আদ্রতাজনিত অস্বস্তি বাড়ল জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন (Weather Tomorrow) এমনই থাকবে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েকদিন। তবে এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হলেও, বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব এই রাজ্যে পড়বে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া উষ্ণ থাকবে। সকাল থেকেই রোদের তাপ থাকবে। আকাশ পরিষ্কার থাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। এছাড়াও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম বেশি অনুভূত হবে। সঙ্গে দুপুরের দিকে শুকনো গরম হাওয়া বইতে পারে কোনও কোনও জায়গায়। তবে সন্ধ্যে বা রাতের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে। আগামী শনিবার পর্যন্ত ধাপে ধাপে বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: খরচ ২০,৬৬৭ কোটি, দেশের প্রথম সেমি হাইস্পিড ডবল লাইন রেল প্রকল্পে অনুমোদন কেন্দ্রের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বজায় থাকলেও উত্তরবঙ্গে আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। আশঙ্কা করা হচ্ছে আগামী শনিবারের পর উত্তরবঙ্গের জেলাগুলিতেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে।