সহেলি মিত্র, কলকাতা: বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর থেকেই আজ বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Today)। বর্ষার খামখেয়ালি থামার কোনও লক্ষণ নেই। মাঝেমধ্যে আবার গুমোট গরমে নাজেহাল দশা। বর্ষণ যখন বন্ধ থাকলেই বাড়ছে অস্বস্তি। কিন্তু ভাদ্র মাসে ফের নিম্নচাপের জেরে দাপট দেখাতে চলেছে বর্ষা বলে খবর। বৃহস্পতিবার জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর মৌসম ভবন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ঝড়ের জন্য উল্লেখিত জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এটি বর্তমানে মধ্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, পন্তনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখীভাবে বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। পূর্বাভাস অনুযায়ী, এদিন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদিও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ২০,৮০০ কোটির বেশি বরাদ্দ রেলের, বাংলা সহ দেশজুড়ে চলবে ৮ নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্প
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিনও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বাদবাকি জেলাগুলিতে।










