ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ দক্ষিণবঙ্গে! বইবে ৪০-৫০ কিমি বেগে ঝড়, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ডামাডোল আবহাওয়া দক্ষিণবঙ্গে (South Bengal)! কখনও অনুভূত হচ্ছে তীব্র গরম তো কখনও আবার দেখা যাচ্ছে তীব্র বৃষ্টি। সাময়িক স্বস্তি মিললেও ভ্যাপসা গরম যেন কিছুতেই কাটছে না। এদিকে উত্তরবঙ্গে (North Bengal) ঢুকে গিয়েছে বর্ষা। তাই স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় প্রশ্ন, কবে দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে? যদিও আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। তাই আপাতত আগামী কয়েকদিন (Weather Tomorrow) রাজ্যের অধিকাংশ জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। যদিও দক্ষিণ থেকে মিলছে না কোনো সাড়া। এদিকে ফের ঘূর্ণাবর্তের দেখা গেল। জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি শক্তিশালী অক্ষরেখা তৈরি হয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে বিস্তৃত। এছাড়াও উত্তরপ্রদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এর প্রভাবেই মূলত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বেশ কয়েকদিন এই দুর্যোগের সম্ভাবনা থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বেশ কয়েকটি জেলায় রোদের দাপট দেখা যাবে। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেশ থাকবে। যদিও মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: গৃহবধূরা মাসে ৩০ হাজার টাকা পাওয়ার দাবি রাখেন! বড় রায় সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণে বর্ষা নিয়ে কোনো আপডেট না পাওয়া গেলেও উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। যার ফলে বিগত কয়েকদিন ধরেই একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েই চলেছে। আগামীকাল, শুক্রবারও, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এমনকি এই সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেড়ে ঝড় বয়ে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে প্রবল। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কম থাকলেও হালকা বৃষ্টি থাকবেই।