প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বৃষ্টির দর্শন পেল দক্ষিণবঙ্গ (South Bengal)। আগামীকাল (Weather Tomorrow) যোগ দিবসের দিনও উত্তর ও দক্ষিণবঙ্গে অতিভারী-ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বিগত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে রীতিমত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এদিকে উত্তরে (North Bengal) একাধিক জেলায় বৃষ্টি হয়েই চলেছে। অবশেষে বৃহস্পতিবার রাত থেকেই পরিবর্তন হল আবহাওয়ার, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় বৃষ্টি বাড়ল দক্ষিণবঙ্গে।
আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?
হাওয়া অফিস জানিয়েছে, আজ জামাই ষষ্ঠীর দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গতকাল, দিন রাত বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল। তবে এই বৃষ্টি দুর্যোগ এখনই কাটবে না। আগামীকালও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, সারা দিন জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, যোগা দিবসের দিন ঝড়বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়াতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে তাপমাত্রার সাময়িক হেরফের হলেও, বিশেষ কোনও পরিবর্তন এখনই হবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাময়িক ভাবে কমলেও চাপা অস্বস্তিকর গরম বজায় থাকবে।
আরও পড়ুন: সই জাল কাণ্ডে এবার CID-র তদন্তের মুখে শোভনদেব চট্টোপাধ্যায়..
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
বৃষ্টি দুর্যোগের ফলে উত্তরবঙ্গে অবস্থা খুবই খারাপ। রাতভর প্রবল বর্ষণের জেরে হড়পা বানের সতর্কবার্তা জারি হয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। এছাড়াও দার্জিলিং কোচবিহার ও কালিম্পং কমলা সতর্কতা জারি করা হয়েছে। একদিনে ২০০ মিমি-র বেশি বৃষ্টিও হতে পারে ডুয়ার্সে। তাই ভূমি ধসের সম্ভাবনাও রয়েছে।










