কমবে পারদ, কলকাতা সহ ৯ জেলায় মুষলধারে বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ গরম অতীত, এবার দক্ষিণবঙ্গে শুধুই কালবৈশাখী, মুষলধারে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। দেশের বিভিন্ন অংশে ক্রমেই ছড়িয়ে পড়ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার থেকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ থেকে কলকাতা সহ জেলায় জেলায় দফায় ঝড়-বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের তীব্রতা বাড়বে। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী সেইসঙ্গে তুমুল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ-পূর্ব আরব সাগর থেকে শুরু করে লাক্ষাদ্বীপ অঞ্চলের কিছু অংশ, দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আরো কিছু অংশে সেইসঙ্গে আন্দামান সাগরের বাকি থাকা অংশে এবং পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা আরও কিছুটা অগ্রসর হয়েছে। এছাড়া দক্ষিণ বিহার থেকে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উত্তর বিহার থেকে দক্ষিণ তেলেঙ্গানা পর্যন্ত ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

আরও পড়ুনঃ ৩০ লক্ষ নাম বাদ! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, ৯০ দিন চলবে আবেদন, জানুন প্রসেস

আগামীকালের আবহাওয়া

ক্রমেই দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে ঝড়-বৃষ্টির পরিমাণ। শুক্রবার যেমন আবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলায়। এছাড়া কলকাতা, হাওড়া সহ বাকি জেলাগুলিতেও কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দাপট থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গের কথা বললে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।