সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) যে হারে গরম পড়ছে তাতে করে প্রাণ যায় যায় অবস্থা। এই গরম কবে কমবে? কবে একটু কাঁপানো ঝড় বৃষ্টি হবে, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। বর্ষা এখনও রীতিমতো বহু দূর। এর মধ্যেই আগুনে পুড়ছে বাংলা সহ গোটা দেশ। এই তাপদাহ থেকে কি আজ-কালের মধ্যে মুক্তি মিলবে? এই নিয়ে আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। আরও কয়েকটা দিন এরকম গরম সহ্য করতে হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের মতে, আগামী ৪ দিন এরকম গরম থাকবে। এরপর বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে বাংলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে বলে খবর। সেইসঙ্গে কমবে তাপমাত্রাও।
জ্বালাময় গরমে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী
বর্তমানে বাংলায় শুষ্ক এবং গরম আবহাওয়া বিরাজ করছে। সন্ধে বা রাতের দিকে কিছু জেলায় বৃষ্টি হলে তা ক্ষণিকের স্বস্তি দিচ্ছে। রেশ কাটতে না কাটতেই ফের ভ্যাপসা গরম পড়ছে। উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের একটা অংশ তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪৪ থেকে ৪৫ ডিগ্রি। এদিকে ফিলস লাইক ৫২ ডিগ্রি সেলসিয়াস। এক কথায় জ্বালাময় গরম পড়ছে সর্বত্র। সব খারাপের মধ্যে একটা স্বস্তি, আবহাওয়া দফতর এখনও অবধি কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি বলতে নারাজ।
রেকর্ড গড়ছে কলকাতার তাপমাত্রা
এদিকে যত সময় এগোচ্ছে ততই কলকাতা শহরের তাপমাত্রা নিত্যদিন রেকর্ড গড়ছে। কলকাতাবাসীরা জানাচ্ছেন, এরকম গরম আগে কখনও অনুভূত হয়নি। এক রিপোর্ট অনুযায়ী, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা এদিনও খুব বেশি ছিল। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। ভোরবেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৯. ৮ ডিগ্ৰি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি ছিল। আজ দুপুর বা বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে?
আরও পড়ুনঃ কমে গেল ঈদের ছুটি, কতদিন মিলবে? ঘোষণা রাজ্য সরকারের
আলিপুর আবহাওয়া অফিস জানিএয়ছে, শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।










