সহেলি মিত্র, কলকাতা: বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে বিরাট আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া অফিস। একাধিক ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দুটি ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার সম্মিলিত প্রভাবে আজ শুক্রবার সহ আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ থেকে আরও বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে বলে খবরে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, রোহতক, শাহজাহানপুর, কানপুর, ডালটনগঞ্জ ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া, উত্তর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) স্থান পরিবর্তন করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের আকাশে আরও একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের মতে, এদিন হালকা থেকে মাঝারি তো আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আরও পড়ুনঃ মমতার ‘বাংলার বাড়ি’ নাম বদলে হল ‘পশ্চিমবঙ্গ আবাস’, আজই ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা
আগামীকালের আবহাওয়া
শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে এদিন হাওড়া, কলকাতা, বাঁকুড়া,বীরভূম,পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।










