অনন্যা সরকার, কলকাতা: এক নিম্নচাপ বিদায় নিতে না নিতেই আর এক নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নতুন এক নিম্নচাপ (Low Pressure System)। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে, মায়ানমার উপকূলের কাছে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তীব্র হতে শুরু করেছে (Weather Forecast)। আগামী কয়েকদিনের মধ্যে এটির একটি পূর্ণাঙ্গ নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ঘনীভূত হলে, ধীরে ধীরে উত্তরমুখে এগোবে বলে আশা করা হচ্ছে। ফলে, বঙ্গোপসাগরে যাওয়া মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
নতুন একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে
গত সপ্তাহেই পশ্চিম বঙ্গোপসাগরের একটি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের একটানা বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে কয়েকদিন। সেই গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়েছিল, যার প্রভাবে বাংলার উপকূলেও উত্তাল হয় সমুদ্র। শনিবার থেকে এর প্রভাব কমতে শুরু করে, ফলে বৃষ্টিপাতও বন্ধ হয়েছে।
বর্তমানে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, মায়ানমারের কাছে যে নিম্নচাপটি তৈরি হবে, তার পশ্চিমবঙ্গের ওপর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম। ফলে, এখন নতুন করে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে পরবর্তী পূর্বাভাস নিম্নচাপের গতিবিধির ওপর নির্ভর করবে। দক্ষিণ উপকূলীয় মায়ানমার ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল হয়। রবিবার বিকেলে এটি আন্দামান সাগরে পৌঁছে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর, নিম্নচাপটি উত্তর দিকে আরও এগিয়ে গিয়ে দিন দুয়েকের মধ্যে মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন সমুদ্রে পৌঁছাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: ভারতে ৬ মাস চলবে উত্তাপের তান্ডব, ১৫,৮০০ মৃত্যুর আশঙ্কা, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
এই নিম্নচাপের প্রভাবে, ওই অঞ্চলের সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ কখনও কখনও ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। মায়ানমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের জন্য সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর হল, পশ্চিমবঙ্গ উপকূলের জন্য এখনও কোনও সতর্কতা নেই।










