সৌভিক মুখার্জী, কলকাতা: অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ফর্ম ফিলাপ। যদিও সেখানে অফলাইনের থেকে কম তথ্য ইনপুট করতে হচ্ছে, এবং সেরকম কোনও ডকুমেন্ট আপলোড করার দরকার পড়ছে না। কিন্তু গতকাল থেকে অনলাইনে ফর্ম ফিলাপ করার শেষে পোর্টালে নতুন একটি অপশন দেখাচ্ছে, যেখানে পরিবারের সমস্ত সদস্যদের তথ্য আলাদাভাবে দেখাচ্ছে। অনেকের মনেই নতুন এই অপশন নিয়ে আবার প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।
অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম ফিলাপে নতুন অপশন
আসলে এতদিন পর্যন্ত ফর্ম ফিলাপ করার পর তা প্রিভিউ করার কোনও অপশন ছিল না। অর্থাৎ, ফর্ম পূরণে কোনও ভুল হয়েছে কি ঠিক হয়েছে তা আলাদাভাবে দেখা যেত না। তবে এখন একটি অপশন যোগ করা হয়েছে, যেখানে আগে ফর্ম ফিলাপ করা হয়েছে কিনা তা প্রিভিউ করে দেখা যাবে। এমনকি সেখানে কী কী তথ্য দিয়ে ফর্ম পূরণ করা হয়েছে তা ভালোভাবে দেখে শুনে সাবমিট করা যাচ্ছে, যাতে কোনও রকম ভুল না হয়। কারণ, অনেকের দাবি ছিল যে ফর্মে অনেকের ভুল হওয়া সত্বেও তা সাবমিট হয়ে যাচ্ছে। সেই কারণেই এবার রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ। ফলত আপনি ফর্মে ঠিক কী তথ্য দিয়েছেন তা ভালোভাবে যাচাই করার পরেই সাবমিট করতে পারবেন।
প্রসঙ্গত, প্রথমে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তাদেরকে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে। আলাদা করে কোনও আবেদন করতে হবে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির পরিসংখ্যান তুলে ধরেই নতুন করে আবেদনের সিদ্ধান্ত নেন, এবং প্রথমে অফলাইনে আবেদন শুরু হয়। তারপর ধাপে ধাপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তাদের ৩ তারিখ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে।
আরও পড়ুন: শহরে শীঘ্র WBTC-র ১০০টি ইলেকট্রিক বাস নামাচ্ছে রাজ্য, কোন কোন রুটে?
তবে হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তাদের ঘাবড়ানোর কোনও কারণ নেই। কারণ, রাজ্য সরকারের তরফ থেকে মোট ৯০ দিনের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে আবেদন করলে আপনি যদি যোগ্য হন তাহলে প্রতি মাসে ৩০০০ টাকা করে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে আবেদন করার সময় অবশ্যই সমস্ত তথ্য সঠিক দেওয়াই বাধ্যতামূলক। কারণ, ফর্মে কোনও ভুল তথ্য দিলে পরবর্তী সময়ে সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হতে পারে। এমনকি আপনি সম্পূর্ণ বঞ্চিত হতে পারেন যে কোনও সরকারি প্রকল্প থেকে।










