অভিষেকের বাড়িতে টয়লেট ভ্যান ঘেঁষায় চাকরি খোয়ান পুলিশকর্মী, বড় নির্দেশ দিল হাইকোর্ট

Published:

abhisheks-high court

আনিষা চৌধুরী, কলকাতা: অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ধাক্কা নিয়ে বিতর্ক তুঙ্গে। এই ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই চাকরিই ফিরে পাওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ধীরেন্দ্র নাথ মাহাত নামে ওই পুলিশকর্মীকে সম্পূর্ণ বরখাস্ত করার সিদ্ধান্তের বদলে তুলনামূলক কম শাস্তি দেওয়া যেতে পারে বলে জানিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, চার সপ্তাহের মধ্যে তাঁকে কাজে ফিরিয়ে নিতে হবে।

কীভাবে ঘটেছিল ঘটনা?

পুলিশের গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন ধীরেন্দ্র নাথ মাহাত। শারীরিক অসুস্থতার কারণে ২০০৫ সালে তিনি অপেক্ষাকৃত হালকা কাজের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে ২০০৭ সালে পুলিশের বিভিন্ন গাড়ির চালকদের তদারকির দায়িত্বে তাঁকে নিয়োগ করা হয়। এরপর থেকে সেই কাজই করছিলেন তিনি। ২০২৩ সালে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থাকা একটি টয়লেট ভ্যান সরাতে গিয়ে বিপত্তি ঘটে। ভ্যানটি সরানোর সময় অসাবধানতাবশত সেটি সাংসদের বাড়ির দেওয়ালে ঘষা লাগে। এরপরই তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়।

লাইসেন্স নিয়েও উঠেছিল প্রশ্ন

ধীরেন্দ্র নাথের শারীরিক সমস্যা থাকায় তিনি তাঁর ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণ করাননি। ফলে বৈধ লাইসেন্স না থাকা অবস্থায় কেন তাঁকে ওই ভ্যান সরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও পরবর্তীতে তাঁর সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল, বিভাগীয় তদন্তে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। ২০২৫ সালে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পুলিশ প্রশাসনের তরফে সে সময় নিরাপত্তার দিকটি বিবেচনা করেই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।

আরও পড়ুন: ৩০ নভেম্বর পর্যন্ত…! অভিষেক মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

এরপর বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন ধীরেন্দ্র নাথ। তাঁর আইনজীবী শতাব্দী দাস আদালতে জানান, এই ধরনের ভুলের জন্য চাকরি থেকে সরিয়ে দেওয়ার মতো শাস্তি হওয়া উচিত নয়। প্রয়োজনে তুলনামূলক কম শাস্তি দেওয়া যেতে পারে। মামলাটি শুনে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, তাঁকে চাকরিতে ফিরিয়ে নিতে হবে। চার সপ্তাহের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।