বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার সকাল হতে না হতেই গাঁ শিউরে ওঠা খবরে ঘুম ভাঙল শহরবাসীর। সল্টলেকের নামকরা হাসপাতাল আনন্দলোকে বিধ্বংসী আগুন (Anandalok Hospital Fire Incident)। জানা যাচ্ছে, হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় তড়িঘড়ি রোগীদের বের করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে শহরের নামজাদা হাসপাতালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। উদ্বিগ্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পরিবারও।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকল
স্থানীয় সূত্রে খবর, সল্টলেক করুণাময়ীর কাছের হাসপাতাল আনন্দলোকে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। হাসপাতালের দোতলায় আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যে চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় দোতালায় চিকিৎসাধীন রোগীদের দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ চলছে।
সূত্রের খবর, সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন লাগলে প্রাথমিকভাবে সেই আগুন নেভানোর চেষ্টা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তাতে কাজ না হওয়ায় খবর দেওয়া হয় দমকল বিভাগকে। আর তারপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন তারা।
অবশ্যই পড়ুন: মুম্বইয়ের জয়ের কারিগর, ৩০ টাকাই জীবন বদলে দিয়েছে অশ্বিনী কুমারের
এদিকে, হাসপাতালের যে অংশে আগুন লেগেছিল সেখানে কোনও রোগী কিংবা হাসপাতালের কর্মী আটকে রয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। মঙ্গলবার সকালে হঠাৎ আগুন লাগার ঘটনায় ভীত সন্ত্রস্ত রোগীদের পরিবারের সদস্যরাও। কয়েকটি সূত্র মারফত খবর, অগ্নিকাণ্ডের খবর পেতেই হাসপাতালের গেটের সামনে জড়ো হয়েছেন রোগীদের আত্মীয়-স্বজনরা!










