আনিষা চৌধুরী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না পাওয়ার অভিযোগে শনিবার হাওড়ার উদয়নারায়ণপুরে শুরু হলো বিক্ষোভ। পথে নামলেন আবেদনকারী একাধিক মহিলা। লেবুতলা ও ঝাউতলা এলাকায় উদয়নারায়ণপুর থেকে পুরশুরা যাওয়ার রাস্তায় প্রায় আধ ঘণ্টা ধরে তাঁরা এই বিক্ষোভ অভিযান চালান। বিক্ষোভকারীদের বক্তব্য, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পর যত রকমের তথ্য চাওয়া হয়েছে সবই জমা দিয়েছেন তাঁরা। তারপরেও অনেকের আবেদনের স্ট্যাটাস ‘প্রক্রিয়াধীন’ দেখাচ্ছে এবং অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি।
‘প্রক্রিয়াধীন’ আবেদন নিয়ে ক্ষোভ
আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের আবেদনে কী সমস্যা রয়েছে সেই নিয়ে বিস্তারিত জানতে তাঁরা একাধিকবার প্রশাসনিক দফতরে যোগাযোগ করেছেন। কিন্তু কেন টাকা ঢুকছে না, সে বিষয়ে তাঁদের স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। ফলে শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করে নিজেদের সমস্যার কথা জানান তাঁরা। তাঁদের দাবি, যদি আবেদনপত্রে কোনও ত্রুটি থাকে বা অতিরিক্ত কোনও নথির প্রয়োজন হয়, তাহলে প্রশাসনের তরফে তা পরিষ্কার করে জানানো হোক। দ্রুত সমস্যার সমাধান করে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানোর দাবিও জানান বিক্ষোভকারীরা।
কেন আটকে রয়েছে টাকা?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে DBT ব্যবস্থা যুক্ত না থাকায় টাকা পাঠানো সম্ভব হয়নি। আবার কয়েকটি আবেদনে তথ্যের গরমিল থাকায় সেগুলি এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সেই কারণে কোনও কোনও ক্ষেত্রে স্ট্যাটাস ‘প্রক্রিয়াধীন’ বা আরও যাচাই প্রয়োজন বলে দেখা যাচ্ছে। কয়েকজনের আবেদন অনুমোদিত হয়েছে কিন্তু এখনও টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন ও পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর, সমস্যা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় তাঁদের। এরপরই অবরোধ তুলে নেন মহিলারা।
আরও পড়ুন: রেজিনগর উপনির্বাচনে কোমর বেঁধে নামছে তৃণমূল! প্রচারে মমতা-অভিষেক সহ ২০
প্রশাসনের আশ্বাসে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু ক্ষোভ পুরোপুরি মেটেনি বিক্ষোভকারীদের। তাঁদের বক্তব্য, প্রকল্পের নিয়ম মেনে যাঁরা যোগ্য, তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে দ্রুত টাকা পৌঁছনো প্রয়োজন। যদি সেটা না হয়, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর বাংলায় প্রথমবার ‘অন্নপূর্ণা দিবস’ পালনের কথা জানানো হয়েছিল। সেই অনুষ্ঠানে দাবি করা হয়, অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের ১.৫৮ কোটি মহিলার অ্যাকাউন্টে ওই মাসের ৩,০০০ টাকা পাঠানো হয়েছে। তার দু’দিনের মধ্যেই হাওড়ার উদয়নারায়ণপুরে টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা বিক্ষোভ করেন।










