‘আর কত অপেক্ষা?’ অবসর ঘোষণা করলেন টিম ইন্ডিয়া থেকে বিতাড়িত মহম্মদ শামি

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় দল থেকে বছরের পর বছর বিচ্ছিন্ন। আর কত সহ্য হয়? শেষমেষ সাহসী সিদ্ধান্তটা নিয়েই ফেললেন ভারতের অভিজ্ঞ পেসার। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহম্মদ শামি (Mohammed Shami)। শুক্রবার রাতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করে ভারতীয় তারকা জানিয়ে দিলেন, তিনি আর লাল বলের ক্রিকেটে থাকছেন না। তবে এতদিন এই সংস্করণে সময় কাটানোর যে স্মৃতি তাঁর জীবনের প্রত্যেকটা পাতায় রয়ে গেছে, সেগুলো থেকেই যাবে।

বাধ্য হয়েই অবসর নিলেন শামি?

জাতীয় দলে শামির প্রত্যাবর্তনের আশা একেবারে ছেড়েই দিয়েছিলেন ভক্তরা। লাল বলের ক্রিকেটে তো বটেই সেই সাথে সাদা বলের ক্রিকেটেও এই ভারতীয় খেলোয়াড়কে আর যেন কল্পনাই করতে পারছিলেন না টিম ইন্ডিয়ার বর্তমান সদস্যরা! ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে জল্পনা তৈরি হলেও টেস্টে শামি যে আর ভারতীয় দলের জার্সি পরবেন না, সেটা বুঝে গিয়েছিলেন অনেকে! মনে মনে হলেও সেটা বিশ্বাস করে ফেলেছিলেন ভারতীয় ক্রিকেটার নিজেও। তাই হয়তো একপ্রকার বাধ্য হয়েই টেস্ট ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিলেন শামি।

শুক্রবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে শামি লিখেছেন, “যখন আমি প্রথম ভারতের টেস্ট দলের জার্সি পরেছিলাম, তখন আমার কাছে স্বপ্ন একটাই ছিল দেশের জন্য কিছু করে দেখাবো। তারপর থেকে প্রতিটা উইকেট, প্রতিটা চোট, প্রত্যেকটা প্রত্যাবর্তন আমাকে শিক্ষা দিয়েছে।” এদিন ভারতীয় তারকা একেবারে খোলাখুলি জানান, টেস্ট ক্রিকেট শুধুমাত্র তাঁর কাছে ক্রিকেটের একটা সংস্করণ ছিল না, বরং তাঁর জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। তাঁর উপর বিশ্বাস রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবং CAB-কেও ধন্যবাদ জানিয়েছেন শামি।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: হইহই করে হয়েছিল এন্ট্রি, জিওকে ধাক্কা দিয়ে দেশের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান সংস্থা এখন Airtel

এদিন নিজের ওই পোস্টে ভারতীয় তারকা এও লিখেছিলেন, “মাঠে নেমে টেস্ট ক্রিকেটে শেষ বলটা করা হয়ে গেলেও, ভারতের হয়ে খেলার যে গর্ব তা আমার হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট উইকেট।” দীর্ঘদিন টিম ইন্ডিয়া থেকে দূরে থাকার পর শেষ পর্যন্ত ভারতীয় খেলোয়াড়ের এমন সিদ্ধান্ত বুকের বাঁ দিকের ব্যথা বাড়িয়েছে ভক্তদের। অনেকেই শামির এই সিদ্ধান্তকে এখনও হজম করেই উঠতে পারেননি। দেশের হয়ে 64টি টেস্টে 229টি উইকেট নেওয়া শামিও বোধহয় এই সিদ্ধান্তের কথা এখনই জানাতে চাননি।

google button