গাড়ির হেডলাইটে LED ব্যবহারে কড়া শাস্তি! দুর্ঘটনা রোধে কঠোর হয়েছে রাজ্য পুলিশ

Published:

LED Headlights in Vehicles

অনন্যা সরকার, কলকাতা: মোটরযান আইন (Motor Vehicle Act) অমান্য করে অনেক গাড়িমালিক এখনও নির্ধারিত লাইটের পরিবর্তে যথেচ্ছভাবে হেডলাইটে এলইডি (LED Headlights) ব্যবহার করছেন। অথচ, স্থানীয় থানাগুলোকেও এ ধরনের যানবাহনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। কয়েকটি সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে যে, গত নয় মাসে সারা রাজ্যে ১,০০০-এর কিছু বেশি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বেশ কিছু অভিযোগ পাওয়ার পর, রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা বিষয়টিকে গুরুত্ব দেওয়া শুরু করেছেন। নবান্ন সূত্রে জানা গেছে যে, এই ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের তরফে জেলাগুলোতে নির্দেশ পাঠানো হয়েছে।

হেডলাইটে এলইডি-র ব্যবহার বন্ধের জন্য তৎপর প্রশাসন 

মোটরযান আইন অনুযায়ী, গাড়ির হেডলাইটের উজ্জ্বলতা সর্বোচ্চ ৩০০০ লুমেন এবং ক্ষমতা সর্বোচ্চ ৭০ ওয়াটের মধ্যে থাকতে হবে। গাড়ির মূল কাঠামোগত নকশা বা প্রস্তুতকারক সংস্থার নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড থেকে বিচ্যুত হয় – এমন যেকোনো পরিবর্তন করা আইনত দণ্ডনীয়। যেমন – গাড়ির ছাদে অতিরিক্ত এলইডি (LED) লাইট লাগানো নিষিদ্ধ। গাড়ির আলোর তীব্রতা নিয়ে সুপ্রিম কোর্টেরও কড়া নির্দেশিকা রয়েছে। 

এ বিষয়ে রাজ্য পুলিশের কর্মকর্তারা জানাচ্ছেন যে, অনেক গাড়িতেই নির্ধারিত নিয়মগুলো পুরোপুরি উপেক্ষা করে এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তো শুধু হেডলাইট হিসেবেই নয় বরং গাড়ির চারপাশ জুড়েও এমন উজ্জ্বল লাইট বসানো হচ্ছে। এই তীব্র আলো উল্টোদিক থেকে আসা গাড়ির চালকদের চোখ ধাঁধিয়ে দেয়, যার ফলে তারা সামনের রাস্তা দেখতে পান না। এরকম অবস্থা অনেক ক্ষেত্রেই মুখোমুখি সংঘর্ষের একটি অন্যতম প্রধান কারণ। রাজ্য ও জাতীয় সড়কগুলোতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন: হইহই করে হয়েছিল এন্ট্রি, জিওকে ধাক্কা দিয়ে দেশের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান সংস্থা এখন Airtel

এছাড়াও, বৃষ্টি বা কুয়াশার সময় এলইডি লাইটের ব্যবহার দিন দিন সড়ক দুর্ঘটনার হার বাড়িয়ে দিচ্ছে, যার ফলে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন বা গুরুতর আহত হচ্ছেন। অভিযোগ উঠছে যে, পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও স্থানীয় থানাগুলো সেভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে, গাড়ির মালিকরা কোনো রকম প্রশাসনিক বাধা ছাড়াই এসব নিষিদ্ধ লাইট ব্যবহার করে গাড়ি চালিয়ে যাচ্ছেন। ট্রাফিক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অবৈধ এলইডি লাইট ব্যবহারের দায়ে ১,০২৭টি মামলা দায়ের করা হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন মাত্র তিনটি থেকে চারটি মামলা। 

কি সমস্যা সমস্যা হলে খতিয়ে দেখে নবান্ন রাজ্যে সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে পুলিশকে এলইডি লাগানো যানবাহনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। তা মেনে তৎপর হয়েছে পুলিশ। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন যে, শুধু জরিমানা আদায় নয়, গাড়ি থেকে এসব লাইট খুলে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই এ ধরনের গাড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে।

google button