অজানা অসুখে গত ছয়দিনে ৫০ হাজারের বেশি মুরগির মৃত্যু, মাথায় হাত পোল্ট্রি মালিকদের

Published:

Chicken Death

অনন্যা সরকার, তামিলনাড়ু: দীপাবলিতে ভালো মুনাফা হবে বলে আশা করেছিলেন পোল্ট্রি ব্যবসায়ীরা (Poultry Owner)। কিন্তু হঠাৎই এক অজানা অসুখে আক্রান্ত হয়ে অস্বাভাবিকভাবে মুরগির মৃত্যু (Chicken Death) হতে শুরু করেছে। উৎসবের মরশুমে বেশি লাভ করা তো দূর, এই মড়ক ঠেকাবেন কী করে, তা চিন্তার ভাঁজ ফেলছে তামিলনাড়ুর পোল্ট্রি ব্যবসায়ীদের কপালে। পোল্ট্রি মালিকরা জানাচ্ছেন, রাজ্যের কুড্ডালোর জেলার বিভিন্ন গ্রামে গত ছয় দিনে প্রায় ৫০ হাজার মুরগি মারা গেছে। তবে, কুড্ডালোরের জেলা প্রশাসন জানাচ্ছে যে, মৃত মুরগির সংখ্যা প্রায় ২৬ হাজার।

মুরগির অজানা অসুখ নিয়ে দুশ্চিন্তায় পোল্ট্রি মালিকরা 

কুড্ডালোর জেলার এক পোল্ট্রি ফার্মার জানিয়েছেন যে, গত এক সপ্তাহে তাঁর খামারে প্রায় ৭,০০০ মুরগি মারা গেছে। আরও বেশ কয়েকজন ব্যবসায়ী একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। অজানা এক রোগের কারণে কয়েক দিনের মধ্যেই বিপুল সংখ্যক মুরগি মারা গেছে বলে জানান তিনি। পোল্ট্রির মালিকরা কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছেন। 

সাধারণত, ৫০ কেজির এক বস্তা পোল্ট্রি খাদ্যের দাম ২,৫০০ থেকে ২,৬০০ টাকা এবং এর পাশাপাশি মাসিক বিদ্যুৎ বিল বাবদ আরও ১০,০০০ থেকে ২০,০০০ টাকা খরচ হয়। ফলে পোল্ট্রি চালাতে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয়। পোল্ট্রি ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফার্মগুলোতে সবমিলিয়ে এখনও পর্যন্ত অন্তত ৪০ থেকে ৫০ লক্ষ টাকার বিনিয়োগ নষ্ট হয়েছে।

আরও পড়ুন:খরচ ৫০০০ কোটি টাকা, রাজ্যে চালু হচ্ছে বিশেষ ইনসেনটিভ স্কিম, কারা পাবেন সুবিধা?

এদিকে, জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান যে, প্রাথমিক পরীক্ষায় বার্ড ফ্লু (Bird Flu / Avian Influenza)-এর কোনো লক্ষণ মেলেনি। কোন কারণে মুরগিগুলোর মৃত্যু হচ্ছে, তা এখনও অজানা। তামিলনাড়ু সরকার বিস্তারিত বিশ্লেষণের জন্য আরও স্যাম্পল ভোপালের একটি গবেষণাগারে পাঠিয়েছে। পোল্ট্রি ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে, সরকারি কর্মকর্তা ও পশু চিকিৎসকদের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও, কোনো তাৎক্ষণিক সমাধান তাঁরা পাননি। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে বলা হয়েছে, কিন্তু প্রতিদিন ক্ষতির অঙ্ক বেড়েই চলেছে।

google button