এক মাসও ঢোকেনি অন্নপূর্ণা যোজনা, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী মহিলাদের

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হলেও বঞ্চিত হচ্ছেন অনেকে। অনেকের গত মাসে টাকা ঢুকলেও সেপ্টেম্বরে কানাকড়ি ঢোকেনি। এই অভিযোগে পৌরসভা, বিডিও অফিসে অভিযোগ জানাচ্ছেন মহিলারা। তবে এবার পঞ্চায়েত মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এসে তাঁর দেখা না পেয়ে শেষ পর্যন্ত নারী ও সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়ের সামনেই হাজির হয়ে একদল মহিলা বিক্ষোভ দেখালেন। এমনকি তাঁরা আবার বিজেপির কর্মী।

মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী মহিলাদের

যোগ্য বহু মহিলা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার একটি কিস্তিও অ্যাকাউন্টে পাননি বলেই অভিযোগ। এদিন মালতি রাভা রায়ের সামনে দাঁড়িয়ে তাঁদের দাবি, কারও আবেদন বাতিল হয়েছে, আবার কারও ক্ষেত্রে নতুন নিয়মের কথা বলা হচ্ছে। এমনকি তাঁরা নিজেরা বিজেপির কর্মী বলে পরিচয় দিয়ে দাবি করেন, “বিগত ১৮-১৯ বছর ধরে বিজেপি করি। যোগ্য হওয়ার পরেও কেন টাকা পাব না?” রবিবার কোচবিহারে রবীন্দ্রভবনের বাইরে মন্ত্রীর সামনে দাঁড়িয়েই তাঁরা এই বিক্ষোভ প্রদর্শন করেন।

আসলে গতকাল কোচবিহারের রবীন্দ্রভবনে কোচবিহার এবং আলিপুরদুয়ারের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে পঞ্চায়েতের কাজের পাশাপাশি গ্রামীণ উন্নয়নসহ একাধিক বিষয়ে আলোচনা চলে। মন্ত্রীর কাছেই এদিন অভিযোগ জানাতে রবীন্দ্রভবনের বাইরে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন মহিলা। অন্নপূর্ণা যোজনা নিয়েই ছিল তাঁদের অভিযোগ। তবে দিলীপ ঘোষের সঙ্গে দেখা না হওয়ায় পরে তাঁরা সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়ের কাছে গিয়েই অভিযোগ জানান।

আরও পড়ুন: পুরোহিত ডেকে তৃণমূলের প্রতীক ‘জোড়াফুলের শ্রাদ্ধ’, চরম শোরগোল কাটোয়ায়

আন্দোলনকারী এক মহিলার বক্তব্য, “আমাদের তিনটি পাকা ঘর রয়েছে, এটা দেখেই আমাদের আবেদন বাতিল করা হয়েছে। তবে শহর এলাকায় তিনটি পাকা ঘর থাকতেই পারে, এটা আগেই বলা হয়েছিল। এখন নতুন নিয়ম দেখানো হচ্ছে। গত চার মাসে আমরা এক টাকাও পাইনি। আবেদন করার সময় একরকম শর্তের কথা বলা হয়েছিল। পরে যাচাই করার সময় অন্য কারণ দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। কারও পাকা বাড়ি, আবার কারও ক্ষেত্রে অন্য কোনও তথ্যের গরমিল। এইভাবে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।” যদিও সমাজকল্যাণ মন্ত্রী আশ্বাস দিয়েছেন, যোগ্য কোনও উপভোক্তাকে বঞ্চিত করা হবে না। প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সমস্যা হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।