আরামবাগে রাতের অন্ধকারে গাড়ির ৪টি চাকাই খুলে চম্পট, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Published:

Arambagh

প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের অন্ধকারে গাড়ির চারটে চাকাই খুলে নিল এক দুষ্কৃতী, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল আরামবাগের (Arambagh) পান্ডুগ্রামে। গাড়ির মালিকের তরফে জানানো হয়েছে, রাতের অন্ধকারে গাড়ির চারটি চাকাই পরপর খুলে নিয়ে চম্পট (Car Tyres Stolen in Arambagh) দেয় ওই দুষ্কৃতি। শুধু তাই নয়, গাড়ির ডিস্ক ব্রেকও খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের পান্ডুগ্রামে। অন্যান্য দিনের মতোই গত বৃহস্পতিবার, বাড়ির সামনে দাঁড় করানো ছিল একটি চার চাকা গাড়ি। কিন্তু রাতের অন্ধকার এই সুযোগ নিয়ে এক দুষ্কৃতী গাড়িটির চারটি চাকাই খুলে নিয়ে চলে যায়। গাড়ির ডিস ব্রেকও খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে চুরির পর চাকাবিহীন গাড়িটি যাতে মাটিতে পড়ে না যায়, তার জন্য চাকাগুলির জায়গায় ইট দিয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে রেখে যায় সে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়।

প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ

স্থানীয় সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, একজন ব্যক্তি কিছুক্ষণ চারপাশ ভালো করে নজরে রাখার পর গাড়ির নিচে কাজ করতে করতে পরপর চাকাগুলো খুলে নিচ্ছিল। এর আগেও ওই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। শোনা গিয়েছিল বেশ কয়েকটি গাড়ির ব্যাটারি এবং তেল চুরি করা হয়েছিল। কিন্তু কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুজোর আগে পুনরায় সেই একই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: বকেয়া DA মেটাতে আরও একধাপ এগোল রাজ্য সরকার, জারি নয়া নির্দেশিকা

ইতিমধ্যেই স্থানীয় পুলিশকে গাড়ির চাকা চুরির বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ যেন দ্রুততার সঙ্গে ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতারের ব্যবস্থা করে। এখন দেখার পরবর্তী পদক্ষেপ হিসেবে পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করে।

আরও Arambagh Car Hooghly
google button