বিজেপি সরকার আসতেই মুখে হাসি ৩ হাজার শ্রমিকের, ৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল

Published:

Kankinara Jute Mill

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ সাত মাসের অনিশ্চয়তার পর অবশেষে চালু হচ্ছে কাঁকিনাড়া জুটমিল (Kankinara Jute Mill)। আর এই খুশির খবর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রায় ৩ হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা। রাজ্যে বিজেপি সরকার (Government Of West Bengal) আসতেই সাধারণ মানুষের স্বার্থে একের পর এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হচ্ছে। এমনকি শ্রম মন্ত্রী অর্জুন সিংও (Arjun Singh) বন্ধ কারখানা খোলার প্রতিশ্রুতি দিয়েছিল। আর এবার সেই প্রতিশ্রুতি পূরণের জন্য ময়দানে নামলেন তিনি। জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকে ফের চালু হচ্ছে কাঁকিনাড়া জুটমিল।

দীর্ঘ ৭ মাস পরে খুলছে কাঁকিনাড়া জুটমিল

গত বছরের ডিসেম্বর মাসে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল কাঁকিনাড়া জুটমিল। সেই সময় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল কর্মীদের মধ্যে। মূলত কাঁচামালের অভাব, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথমে ১৫ দিনের জন্য উৎপাদন বন্ধ রাখার নোটিস দেওয়া হলেও পরে সেই সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়তে থাকে। দীর্ঘদিন ধরে বেতন ও জীবিকার সংকটে ভুগতে থাকা শ্রমিকরা একাধিকবার আন্দোলন করলেও কোনো সমস্যার সমাধান হয়নি। এবার সরকার বদল হতেই কর্মীদের ভাগ্য ফিরল। দীর্ঘ ৭ মাস পরে খুলতে চলেছে কাঁকিনাড়া জুটমিল।

কী বলছেন শ্রমমন্ত্রী?

জানা গিয়েছে, শ্রমমন্ত্রী অর্জুন সিং-এর নেতৃত্বে রাজ্যে শিল্পোন্নয়ন ও বন্ধ শিল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগের অংশ হিসেবে কাঁকিনাড়া জুটমিল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের মধ্যস্থতায় মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হবে। পাশাপাশি আরও ১৭টি বন্ধ জুটমিল পুনরায় চালুর প্রস্তুতিও চলছে এবং খুব শীঘ্রই সেগুলিও চালু করার পরিকল্পনা রয়েছে। শিল্পের পুনর্জাগরণে ব্যাপক খুশি ৩০০০ শ্রমিক। অনেকেই জানিয়েছেন, দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তার পর কাজে ফিরতে পেরে তাঁদের পরিবার নতুন আশার আলো দেখছে।

আরও পড়ুন: তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, গ্রেফতার ফিরহাদ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

প্রসঙ্গত, ১৮৮৩ সালে এই কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। সেই সময় কারখানার নাম ছিল কাঁকিনাড়া কোম্পানি লিমিটেড। সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত একাধিকবার জুটমিলের মালিকানা বদল হয়। বর্তমানে এই জুটমিলের নাম কাঁকিনাড়া জুটমিল লিমিটেড। শিল্পাঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেই পরিচিত এই জুটমিল। এখন দেখার ১ জুলাই এই সিদ্ধান্ত কতটা কার্যকরী হয়।