চুক্তি স্বাক্ষর পশ্চিমবঙ্গ সরকারের, ঘরে বসেই কীভাবে বানাবেন আয়ুষ্মান ভারত কার্ড? জানুন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) সাথে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার, কেন্দ্রের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দিল্লির বিজ্ঞানভবনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, অবশেষে বাংলার সাথে পুরোপুরি জুড়ে গেল প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্প। গতকাল মুখ্যমন্ত্রী এও জানালেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গবাসীর জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে 570 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

বাংলার ঠিক কতজন মানুষ এই প্রকল্পে উপকৃত হবেন?

গতকাল বিজ্ঞান ভবনে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর উদ্দেশ্য বলেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সাথে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে। এবার থেকে রাজ্যের মানুষ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতায় বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। একই সাথে এদিন পূর্বতন সরকারের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, আগের সরকার দিল্লি প্রকল্পের বিরোধিতা করেছিল। তাই উন্নয়ন বিরোধী সরকারকে পশ্চিমবঙ্গবাসীই বিদায় জানিয়েছে।

এমন বক্তব্য রাখতে রাখতেই মুখ্যমন্ত্রী বললেন, ডবল ইঞ্জিন সরকারের সুবিধা এখন থেকে পাবেন পশ্চিমবঙ্গবাসী। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় 6 কোটি মানুষ উপকৃত হবেন। সেই সাথে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেটাও নাকি আলাদা করে ঠিক করে ঠিক করে ফেলেছে সরকার। উল্লেখ্য, 2018 সালে দেশের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অবশ্যই পড়ুন: ২.৫৮ লক্ষ কোটি বিনিয়োগ, প্রচুর কর্মসংস্থান! বাংলায় তৈরি হচ্ছে ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র

কীভাবে ঘরে বসেই করবেন আবেদন?

ঘরে বসেই সম্পূর্ণ অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে প্রথমেই ভিজিট করতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmjay.gov.in এ। এই ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজ থেকে “অ্যাম এই এলিগেবেল” অপশনটিতে ক্লিক করুন। এরপর সামনে আসা পেজে নিজের মোবাইল নম্বর, ক্যাপচা এবং ওটিপি দিয়ে লগইন করে নিতে হবে। পরবর্তী ধাপে স্ক্রিনে নিজের নাম, রাজ্যের নাম, জেলার নাম, নিজের আধার নম্বর এমনকি পরিবারের কোনও সদস্যের নাম অথবা রেশন কার্ডের নম্বর লিখতে হবে। এরপর ভেরিফাই অপশনে ক্লিক করে ভেরিফাই করুন।

এবার আপনাকে KYC সম্পূর্ণ করতে হবে। আপনি যদি প্রকল্পের জন্য যোগ্য হয়ে থাকেন তবে তালিকায় নিজের নাম দেখতে পাবেন। এখান থেকে ডু ই কেওয়াইসি অপশনে ক্লিক করে নিজের আধার নম্বর যাচাই করে নিন। সবশেষে ই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেলে 20 মিনিটের মধ্যে পুনরায় লগইন করে নিজের আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিন।