সহেলি মিত্র, কলকাতা: সামনেই রয়েছে দুর্গাপুজো। আর এই সময়ে অনেক বাঙালিই আছেন যারা ছুটি কাটাতে দুদিনের জন্য কোথাও ঘুরে আসেন। আপনিও কি এই পুজোতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? আচ্ছা জঙ্গলমহল যাবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। এবার কলকাতা থেকে জঙ্গলমহল যাওয়ার একদম সরাসরি এসি ও সরকারি লাক্সারি বাস পরিষেবা শুরু হতে চলেছে। এখন আপনি এক বাসেই কলকাতা থেকে একদম আরামে বেলোপাহাড়ি থেকে শুরু করে একদম নতুন জায়গা বাঁশপাহাড়ি পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন তাহলে আর দেরি না করে বাসটির খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
শুরু হচ্ছে কলকাতা-বাঁশপাহাড়ি এসি বাস
জানা গিয়েছে, আজ বুধবার থেকেই শুরু হলো নতুন যাত্রা। বাঁশপাহাড়ি থেকে কলকাতা পর্যন্ত SBSTC-এর নতুন শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা (Banspahari-Kolkata Bus) পেয়ে খুশি সকলে। এই বাস একদিকে যেমন স্থানীয়দের সাহায্য করবে ঠিক তেমনি কলকাতা থেকে যারা ঝাড়গ্রাম, পাহাড়, জঙ্গল ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য দুর্দান্ত বিকল্প হিসেবে প্রমাণিত হতে চলেছে। বাসটি সম্পর্কে পূর্ণাঙ্গ কিছু জানা না গেলেও এটি ভায়া গিধনী, চিল্কিগড় হয়ে যাতায়াত করবে।
আরও পড়ুনঃ দেখতে এক, ইলিশ ভেবে এই মাছ কিনছেন না তো? চিনবেন কি করে জানুন
আজ বাসটির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি বিধায়ক প্রণত টুডু। তিনি নিজের ফেসবুকে বাসের উদ্বোধনের ভিডিও ও ছবি শেয়ার করেন। সেইসঙ্গে লেখেন, “বাঁশপাহাড়ি থেকে কলকাতা এসি বাস পরিষেবার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন এই পরিষেবার সূচনা করতে পেরে আনন্দিত। এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও আরামদায়ক হবে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
আরও পড়ুনঃ মিড-ডে মিল নিয়ে তৎপর সরকার, নতুন নির্দেশিকা জারি স্কুলশিক্ষা দপ্তরের
বাসের সময়সূচি ও কী কী সুবিধা মিলবে?
জানা গিয়েছে, বাসটি সম্পূর্ণ এসি। এছাড়াও আরামদায়ক আসন, নির্দিষ্ট সময়ে যাত্রা সঙ্গে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিষেবা পাবেন যাত্রীরা। সময়সূচি সম্পর্কে বললে, কলকাতা থেকে বাঁশপাহাড়ি পৌঁছতে পাঁচ থেকে সাড়ে ৫ ঘণ্টা সময় লাগে। সকাল সাড়ে ৬টা নাগাদ ধর্মতলা থেকে ছেড়ে ঝাড়গ্রাম, চিল্কিগড়, গিধনি বাজার হয়ে বেলপাহাড়ি ঢোকার কথা বাসের। সেখান থেকে বাঁশপাহাড়ি। বিকেল ৪টেয় একই বাসই বাঁশপাহাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে।










