অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে এখন চলছে বর্ষার দাপট। আর এই বর্ষার দিনে ভোজনরসিক বাঙালির পাতে যদি ইলিশ (Ilish) পড়ে তাহলে তো সোনায় সোহাগা। বাজারগুলোতে তাই এখন রূপোলি শস্যের (Hilsa Fish) চাহিদা প্রবল। তবে চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় দাম আকাশছোঁয়া। কিন্তু সেই মাছ তরিবৎ করে রান্না করার পরও কি পাচ্ছেন না ইলিশের সেই মনমাতানো স্বাদ? অসাধু মাছওয়ালা ঠকিয়ে সার্ডিন বা চন্দনা মাছ গছিয়ে দিচ্ছে না তো? যা কিনছেন সেটা সত্যিই ইলিশ কিনা তা যাচাই করবেন কীভাবে? রয়েছে সহজ উপায়। আসুন জেনে নেওয়া যাক।
চন্দনা না সার্ডিন চিনবেন কীভাবে?
গাঁটের কড়ি খরচ করে বাড়িতে ইলিশ কিনে আনার পরে যদি দেখা যায় মাছটা স্বাদহীন, তাহলে পুরো টাকাই নষ্ট। বাজারে প্রায়শই ইলিশের নামে বিক্রি হচ্ছে সার্ডিন বা চন্দনা। আলাদা করতে না পারলেই ঠকতে হবে। আসল ইলিশ চিনতে তাই এই পন্থাগুলি অবলম্বন করুন। তাহলে ইলিশের নামে অন্য মাছ আপনাকে আর কেউ গছিয়ে দিতে পারবে না।
আরও পড়ুন: এক নাগাড়ে ভারী বৃষ্টির ভ্রূকুটি কলকাতা সহ ৮ জেলায়, আজকের আবহাওয়া
১. আসল ইলিশ চিনতে গেলে দেখতে হবে এর গঠন। ইলিশের পেট ও পিঠ – উভয়ই সমানভাবে বেঁকে থাকে, ফলে অনেকটা মাকুর মতো আকৃতির দেখতে লাগে। কিন্তু এদিকে সার্ডিন বা চন্দনা ইলিশের পেটের অংশ পিঠের অংশের থেকে বেশি বেঁকে থাকে।
২. সার্ডিন বা চন্দনা বেশি বড় আকারে পাবেন না। এগুলোর দৈর্ঘ্য ৬ থেকে ২০ সেন্টিমিটার হয়ে থাকে। তবে আসল ইলিশের দৈর্ঘ্য ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
৩. কাঁচা মাছ নাকের কাছে আনলে ইলিশের নিজস্ব গন্ধ পেলে বুঝবেন এরা আসল ইলিশ, কারণ চন্দনা বা সার্ডিনে এই গন্ধ পাওয়া যায় না।
৪. সার্ডিন মাছের পিছনের পাখনার সামনের অংশ ও লেজের দিকটা ঘোলাটে হয়। কিন্তু আসল ইলিশের ওই অংশগুলি অনেকটা সাদাটে হয়ে থাকে।
৫. ইলিশ চেনার আরেকটা উপায় হল, টাটকা ইলিশ সব সময় শক্ত হয়। তাই হাতে নিয়ে যদি এর মাথা ও লেজের দিকটি ঝুলে যায় তাহলে বুঝবেন ইলিশটা টাটকা নয়। তাতেও স্বাদে হেরফের হতে পারে।










