এক নাগাড়ে ভারী বৃষ্টির ভ্রূকুটি কলকাতা সহ ৮ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: সাবধানে থাকুন, কারণ ধেয়ে আসছে অতি প্রবল বৃষ্টি। এতদিন তো শুধু ট্রেলার ছিল, তবে বর্ষার প্রকোপে আবহাওয়ার আসল খেলা আজ বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা সহ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও আকাশ ভাঙা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে বাড়ি বেরোনোর সময় রেইনকোট এবং ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে এক নাগাড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদীয়া ও বাঁকুড়া জেলায়।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, সুলতানপুর, গয়া, বাঁকুড়া হয়ে পূর্বদিকে মিজোরামের দিকে বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব বিহার অঞ্চলের উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর-পূর্ব বিহার এবং তৎসংলগ্ন উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমের উপর অবস্থান করছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।

আরও পড়ুনঃ বর্ষায় বাড়িতে বাড়ছে সাপের উপদ্রব? মেনে চলুন এই ৪ ঘরোয়া টিপস

আগামীকালের আবহাওয়া

শুক্রবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিনও ভারী বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলায়। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।