প্রীতি পোদ্দার, কলকাতা: ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ পড়েছিল বাসে, দেখতে পেয়ে তড়িঘড়ি সেই টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের কাছে জমা দিলেন এক বাস কন্ডাক্টর। ঘটনাটি ঘটেছে বহরমপুরে (Berhampore)। তাঁর এই সততা (Bus Conductor Returns Money) দেখে অবাক পুলিশ কর্মীরা, দেওয়া হল তাঁকে সম্মান সংবর্ধনা। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ওই বাসকর্মীর প্রশংসা করেন নেটিজেনরা।
বাসেই ফেলে এসেছিলেন ব্যাগ ভর্তি টাকা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বহরমপুরের লালগোলার ময়া অঞ্চলের ইলিমপুরের বাসিন্দা আব্দুল হক দিঘা থেকে বহরমপুরে ফিরেছিলেন এক বেসরকারি বাসে। এদিকে, তাঁর কাছে থাকা ২ লক্ষ টাকার ব্যাগটি তিনি ভুলবশত বাসের মধ্যেই ফেলে নেমে গিয়েছিলেন। যখন তাঁর সেই ব্যাগ ভর্তি টাকার কথা মাথায় আসে ততক্ষণে বাস বেরিয়ে যায়। এরপরই তিনি বহরমপুর থানায় যোগাযোগ করেন। অন্যদিকে সেই টাকার ব্যাগের হদিশ পান ওই বেসরকারি বাসের কন্ডাক্টর বাবলু মণ্ডল। পরে পুলিশ ওই বাসের কন্ডাক্টরের সঙ্গে যোগাযোগ করতেই আব্দুল হক ফিরে পান তাঁর ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ।
কী বলছেন কন্ডাক্টর বাবলু মণ্ডল?
কন্ডাক্টর বাবলু মণ্ডল জানান, “বহরমপুরে বাস থেকে যাত্রীরা নামার পর যখন বাসটা বেরিয়ে যাচ্ছিল তখন সমস্ত সিট ভালোভাবে চেক করার সময় একটি সিটের তলা থেকে টাকা ভর্তি ব্যাগ পেয়েছিলাম। ব্যাগের চেন খুলে দেখি অনেক টাকা তার মধ্যে রয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাগটি নিজের কাছে রেখে দিয়েছিলাম যাতে পরে কেউ খোঁজ করতে এলে তাঁকে দিয়ে দেব। পরে বহরমপুর থানার পুলিশ আমাকে ফোন করে পুরো বিষয়টি জানাতেই আমি জানাই আমার কাছে রয়েছে ব্যাগটি। তারপর পুলিশ সেই ব্যাগটি বহরমপুর থানায় এসে জমা দিতে বললে আমি মালিককে সঙ্গে নিয়ে জমা দিয়ে আসি।”
আরও পড়ুন: নিজের এলাকাতেই অপমানিত রত্না দেবনাথ? ক্ষোভ প্রকাশ বিধায়কের স্বামীর
এদিন বাস মালিক এবং কর্মীদের উপস্থিতিতে আব্দুল হককে দুই লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় কন্ডাক্টর বাবলু মণ্ডলকে শুভেচ্ছা জানান পুলিশ আধিকারিক এবং বাস কর্মীরা। বাসের মালিক রথীন মণ্ডল জানিয়েছেন, “আমি অত্যন্ত খুশি যে সে তার টাকা ফিরে পেয়েছে। আর আমার কাছে অত্যন্ত গৌরবের বিষয় হল যে আমার বাসের কন্ডাক্টর নিজের সততা বজায় রেখে সেই টাকা ফিরিয়ে দিয়েছে।”










