বিশ্ব বাংলা সরণির নতুন নাম হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published:

BISWWA BANGLA 1

আনিষা চৌধুরী, কলকাতা: বদলে যেতে চলেছে কলকাতার (Kolkata) একাধিক রাস্তার নাম। রাস্তাগুলির নতুন করে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। ইতিমধ্যেই শহর ও রাজ্যের বিভিন্ন রাস্তার নামকরণ নিয়ে বিচার বিবেচনার জন্য কমিটি তৈরি হয়েছে। এবার সেই তালিকায় রয়েছে বিশ্ব বাংলা সরণির (Biswa Bangla Sarani) নামও। সূত্রের খবর, চৈতন্য মহাপ্রভুর নামে এই রাস্তার নামকরণ করার আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত নাম বদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। কলকাতা পুরসভার রোড রি-নেমিং কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ জানিয়েছেন, তাঁদের কাছে একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে।

বদলে যাচ্ছে কোন কোন রাস্তার নাম?

জানা যাচ্ছে, বিশ্ব বাংলা সরণির পাশাপাশি কলকাতার আরও কয়েকটি পরিচিত রাস্তার নামেও নাকি বদল ঘটতে চলেছে। এর মধ্যে কার্ল মার্ক্স সরণি এবং লেনিন সরণির নামও রয়েছে। দীর্ঘদিন ধরে বিদেশি ব্যক্তিত্ব বা বামপন্থী নেতাদের নামে পরিচিত কিছু রাস্তার নাম নতুন করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন নামের ক্ষেত্রে কোন বিদেশী নয় বরং দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্বদের গুরুত্ব দেওয়া হবে।

প্রস্তাবিত নামের তালিকায় স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী এবং বিশিষ্ট সাধুসন্তদের নাম গুরুত্ব পাচ্ছে। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির মতো স্বাধীনতা সংগ্রামীদের নামে বিভিন্ন রাস্তা বা গুরুত্বপূর্ণ জায়গার নাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। সরকারের বক্তব্য অনুযায়ী, ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নামে রাস্তার নামকরণের অন্যতম উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের সঙ্গে তাঁদের পরিচিতি গড়ে তোলা।

আরও পড়ুন: নিম্নচাপের দাপটে ফের ভারী বৃষ্টির শঙ্কা দক্ষিণবঙ্গে, জারি সতর্কবার্তা, আগামীকালের আবহাওয়া

সোমবার কার্তিক মহারাজ জানান, রাস্তার নাম বদলের ক্ষেত্রে প্রথমে একাধিক বিষয় খতিয়ে দেখা হবে। কোনও নাম পরিবর্তনের আগে সংশ্লিষ্ট রাস্তা বা এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব ভালোভাবে বিবেচনা করা হবে। তাঁর বক্তব্য, যেসব রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে, সেগুলির নতুন নাম ভারতীয় মনীষীদের নামেই করার চিন্তাভাবনা করা হচ্ছে। একই সঙ্গে বিনোদ মেহতার নামে একটি রাস্তার নামকরণের প্রস্তাবও তাঁদের কাছে এসেছে বলে জানিয়েছেন তিনি।