প্রীতি পোদ্দার, কলকাতা: নেশামুক্তির ডাক দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court), এখন থেকে রাজ্যের উচ্চ আদালতসহ জেলা আদালতগুলিতে সিগারেট, পান ও গুটখা সম্পূর্ণরূপে বন্ধ (Cigarrettes banned in all courts) করতে বড় উদ্যোগ নিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। আর সেই নির্দেশ কার্যকর করার জন্য ইতিমধ্যেই জেলা আদালতগুলির বিচারকদের চিঠি পাঠিয়েছেন বিচারপতি। এদিকে আদালত চত্বরকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ রাখার এই পদক্ষেপে সকলেই কুর্নিশ জানিয়েছে বিচারপতির সিদ্ধান্তে।
আদালতে নিষিদ্ধ পান-গুটখা-সিগারেট!
নেশামুক্ত রাজ্য গড়ে তোলার জন্য সম্প্রতি বিজেপি সরকার একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লাখে লাখে নিষিদ্ধ কফসিরাপের উপর বুলডোজার চালিয়ে দিয়েছিলেন। আর এবার আদালত চত্বর সম্পূর্ণ নেশামুক্ত করার জন্য বড় পদক্ষেপ নিল হাইকোর্ট। পান-গুটখা নিষিদ্ধ করার পাশাপাশি স্মোকিং জোন বা ধূমপানের জায়গা তৈরির প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। শুধু তাই নয়, আদালত চত্বরে প্রবেশের সময় প্রত্যেক ব্যক্তিকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন এই বিষয় নিয়ে বৈঠক করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আদালতে প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর!
প্রধান বিচারপতির স্পষ্ট কথা, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন এই বিষয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে এবং সেই সিদ্ধান্ত লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানালে তবেই প্রধান বিচারপতি সমস্ত আদালতে প্রবেশ পথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করার নির্দেশিকা জারি করবেন। তবে এজলাসে উপস্থিত আইনজীবীরা আদালত চত্বরে স্মোকিং জোন করার প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে পান-গুটখা-সিগারেটের ক্ষেত্রেও জেলা আদালতগুলির মতামতে প্রাধান্য দেবেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: ঘরে বসেই এখন বিধায়ককে জানানো যাবে অভিযোগ, দুর্গাপুরে চালু হল নয়া অ্যাপ
আইনজীবীদের একাংশ ও তথা বার অ্যাসোসিয়েশনের সদস্যদের মতে, নিষেধাজ্ঞা চালুর পাশাপাশি আদালত চত্বরের নির্দিষ্ট কোনও একটি অংশে নির্দিষ্ট ‘স্মোকিং জোন’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন বার অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার। অন্যদিকে আদালত চত্বরে নিরাপত্তা আঁটোসাঁটো করতেও আইনজীবীদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন বলে মনে করছেন হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।










