অক্টোবর থেকেই যুবশক্তির আবেদন! জোগাড় করে রাখুন এই ৮টি ডকুমেন্ট

Published:

Yuva Shakti

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের মনে এখন একটাই প্রশ্ন, যুবশক্তি প্রকল্পের (Yuva Shakti) আবেদন ঠিক কবে থেকে শুরু হবে এবং কী কী ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে? অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রথম বাজেটেই জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু করা হবে। সেই সূত্রে আর মাত্র এক সপ্তাহ পরেই অক্টোবর। তাহলে কি ১ অক্টোবর থেকেই শুরু হচ্ছে এই প্রকল্পে আবেদন? আর কোন ডকুমেন্টগুলিই বা আগেভাগে সঙ্গে রাখতে হবে?

যুবশক্তি প্রকল্প নিয়ে বড় আপডেট

বিজেপি সরকারের তরফ থেকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের পর যুবশক্তি প্রকল্পে রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। তবে বাজেটে স্বপন দাশগুপ্ত জানান, এই প্রকল্পে শুধুমাত্র গ্রাজুয়েট যুবকরাই ৩০০০ টাকা পাবেন এবং অন্যান্যরা পাবেন ২০০০ টাকা করে। অক্টোবর মাস থেকে আবেদন শুরু হওয়ার কথা। তবে জানা গিয়েছে, এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ৮টি নথি থাকা বাধ্যতামূলক।

প্রথমেই জানিয়ে রাখি, যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য সেই উপভোক্তাকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। তবে সেক্ষেত্রে মিলবে ২০০০ টাকা। গ্রাজুয়েশন পাশের সার্টিফিকেট দেখাতে পারলে ৩০০০ টাকা করে পাওয়া যাবে। অন্যদিকে তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি বর্তমানে বেকার হতে হবে এবং কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না। এছাড়া পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই কমে গেল সোনা, রুপোর দাম! দেখুন রেট

কীভাবে আবেদন এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন?

এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি যে এই প্রকল্পে কীভাবে আবেদন করা যাবে বা কবে থেকে আবেদন শুরু হবে। তবে অনুমান করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার মতো যুবশক্তিতেও অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করার সুযোগ থাকবে। তবে আবেদন করার জন্য অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টগুলি আগেভাগে প্রস্তুত রাখা বুদ্ধিমানের কাজ—

  • নিজের আধার কার্ডের জেরক্স কপি।
  • ভোটার আইডি কার্ডের জেরক্স কপি।
  • জন্ম সার্টিফিকেট।
  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
  • গ্রাজুয়েশন পাশ করলে বিশ্ববিদ্যালয়ের প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট।
  • সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবুকের জেরক্স কপি।
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।