মালদায় তৃণমূল ঘনিষ্ঠর ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা, রাত থেকে চলছে গোনার কাজ

Published:

Malda Money Recovery Case

অনন্যা সরকার, মালদহ: বীরভূমের পর এবার মালদায় টাকার খনি উদ্ধার! (Malda Money Recovery)। পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে একাধিক প্রভাবশালী ও নেতা-মন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনা আখছার সামনে আসতো। এখন রাজ্যে আবার শুরু হয়েছে বেআইনি টাকা উদ্ধার অভিযান। একের পর এক জায়গা থেকে বিপুল ধনরাশি উদ্ধার করছে রাজ্যের পুলিশ প্রশাসন। বীরভূমের পর এবার রবিবার গভীর রাতে গোপন সূত্র থেকে খবর পেয়ে মালদহ থানা এলাকার মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাটে যৌথ অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার পুলিশ। শোনা যাচ্ছে, অভিযুক্ত মালদহের তৃণমূল নেতা ঘনিষ্ঠ (Cough Syrup Smuggling Case)। তল্লাশি শুরু হতেই থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। ৩টি টাকা গোনার মেশিন দিয়ে গুনে এখনও পর্যন্ত ২.৫ কোটি টাকার হিসেবে পাওয়া গেছে। এছাড়া, প্রায় ২০ গ্রাম ওজনের সোনা ও একটি ল্যাপটপও উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন। 

কী ঘটেছিল?

গত, ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া এলাকায় বেআইনি কাশির সিরাপের (Phensedyl) চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১,৫০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় সেদিন মোট ৪ জন গ্রেফতার হয়। সেই ধৃতদের জেরা করেই এই বিপুল টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে পুলিশ। 

আরও পড়ুন: মা ঝাড়ুদার, দু’বছর বয়সে হারান বাবাকে! NEET-এ সফল সঞ্জিত আজ ডাক্তারির ছাত্র

পুলিশের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দিলীপ সাহা নামের এক ব্যক্তি ওই ফ্ল্যাটবাড়িটি মালিক। তিনি বিল্ডিংটির তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া দেন পিন্টু সরকার নামের এক ব্যক্তিকে। জানা গেছে, তাঁর একটি নিজস্ব একটি ওষুধের ব্যবসা আছে। তবে দক্ষিণ দিনাজপুরে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপ ও চোরাচালানের সঙ্গে তাঁর যোগসূত্র কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকার উৎস সর্ম্পকে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত। 

এছাড়াও, সোমবার (৩ আগস্ট) ভোরে মালদহের খইহট্টার এক গুদামঘর থেকে কয়েক হাজার কাফ সিরাপের বোতল উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে পিন্টু সরকারের সাথে সুশান্ত হালদার ও গোপাল চাকি নামের আরও দুই মালদহের বাসিন্দা। অনুমান করা হচ্ছে এই বেআইনি কাফ সিরাপ বেচেই এই বিপুল টাকার মালিক হয়েছে তারা। 

আরও পড়ুন: ভারতে প্রথম গঙ্গার উপর কাঁচের কেবল ব্রিজ, কোথায় আছে জানুন

প্রসঙ্গত, রাজ্যের সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই  ফেনসিডিল নামের ওই নিষিদ্ধ ওষুধটি বাজেয়াপ্ত হয় সীমান্তে, কিছু পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু কাশির সিরাপ পাচারের সূত্র ধরে এত টাকা উদ্ধরের ঘটনা এই প্রথম। তাই রাজ্য জুড়ে এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়। উদ্ধার করা টাকার পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।