বর্ষায় আকাল ইলিশের! কলকাতার বাজারগুলোতে কত দামে বিক্রি হচ্ছে রূপোলি শস্য?

Published:

Ilish Price in Kolkata

অনন্যা সরকার, কলকাতা: বর্ষাকাল মানেই রূপোলি শস্যের মরশুম। আগে ছিঁটেফোঁটা বৃষ্টি পরলেই বাঙালি বাড়ি থেকে ভেসে আসতো ইলিশ (Ilish) মাছ ভাজার সুবাস। ঝোলে ঝালে অম্বলে – সর্বত্রই রাজ করে ‘মাছের রাজা’। কিন্তু এবছর বর্ষায় ইলিশের আকাল। বাজারে বাজারে খুঁজেও সন্ধান মিলছে না টাটকা স্থানীয় ইলিশের। বড় সাইজের ইলিশ তো ডুমুরের ফুল। শূন্যস্থান পূরণ করতে অবশ্য রয়েছে মায়ানমার আর গুজরাটের ভারুচের নর্মদা নদীর ইলিশ। দামও তুলনায় কম, তাই পকেটে চাপ পড়ছে না ক্রেতার। কিন্তু স্বাদ? স্বাদের পরীক্ষায় গো-হারান হারছে এই মাছ। স্থানীয় ইলিশের সাথে এর স্বাদে রয়েছে বিস্তর ফারাক। তবুও দুধের স্বাদ ঘোলে মেটাতে মধ্যবিত্ত বাঙালি বাজারের ব্যাগ হাতে দাঁড়াচ্ছেন মাছওয়ালার পসরার সামনে। কলকাতার কোন বাজারে কত দামে মিলছে ইলিশ (Ilish Price)? আসুন জেনে নেওয়া যাক।

কলকাতার বাজারে ইলিশের দাম 

মানিকতলা বাজার:  ৮০০-৯০০ গ্রাম ইলিশ মানিকতলা বাজারে প্রতি কেজিতে ১,২০০ টাকায় বিকোচ্ছে। গঙ্গার ইলিশ কিনতে গেলে, ১ কেজি ওজনের মাছের জন্য খরচ করতে হবে ২,০০০ – ২,২০০ টাকা। ৮০০-৯০০ গ্রাম ওজনের গঙ্গার ইলিশের দাম প্রতি কেজিতে ১,৫০০ টাকা থেকে ১,৬০০ টাকার মধ্যে।

আরও পড়ুন: মোটা বেতন পান বন্দে ভারতের চালকেরা, জেনে নিন এর নির্বাচন প্রক্রিয়া ও প্রশিক্ষণ পদ্ধতি

গড়িয়াহাট বাজার: এই বাজারে ১ কেজি ওজনের ইলিশ মাছের দর ১,৫০০ টাকা থেকে ১,৬০০ টাকা। এখানে ২ কেজি ওজনের ইলিশ পেতে পারেন, দাম পড়বে প্রতি কেজিতে ১,৮০০ টাকা থেকে ২,০০০ টাকা। আর ৮০০-৯০০ গ্রামের ইলিশগুলো ১,০০০ টাকা থেকে ১,২০০ টাকার মধ্যে পাবেন।

শিয়ালদহ বৈঠকখানা বাজার: এখানে ৫০০-৬০০ গ্রামের ছোট রায়দিঘির ইলিশ মিলছে, দামও অনেকটাই কম। ৮০০-৯০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ১ কেজি থেকে ১.২ কেজির মাছ কিনতে গেলে খরচ করতে হবে ১,৫০০ টাকা।

আরও পড়ুন: বাসন বিক্রেতার ছেলে খড়গপুর IIT-র গবেষক, দারিদ্রতাকে জয় করে সাফল্য লাভ দেবকুমারের

পাতিপুকুর বাজার: এই বাজারে ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। ৮০০-৯০০ গ্রামের মাছগুলোর দাম প্রতি কেজিতে ১,০০০ টাকা। ১ কেজির উপরে যে ইলিশগুলো রয়েছে, সেগুলোর জন্য ১,৫০০ থেকে ১,৮০০ টাকা পকেটে থেকে খসাতে হবে। 

নিউ মার্কেট: ১০০০ থেকে ১২০০ টাকা কেজি দরে ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে নিউ মার্কেটে। সংখ্যায় কম হলেও ১.৫ কেজির মাছও পাওয়া যাবে, যার দাম ২,০০০ টাকার কাছাকাছি।