সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটেছে বাংলার সরকারি কর্মীদের। সেইসঙ্গে অপেক্ষা শেষ হয়েছে পেনশন প্রাপকদেরও। কারণ সকলের ডিএ (Dearness Allowance), ডিআর বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার বাজেট ২০২৬-এ (West Bengal Budget 2026) কর্মচারী, পেনশনভোগীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন, যার ফলে মোট ডিএ ৩৮ শতাংশ হবে। যদিও এখন প্রশ্ন উঠছে, এবার কে কত টাকা করে পাবেন? কারা লাভবান হবেন। চলুন জেনে নেওয়া যাক।
২০ ডিএ বৃদ্ধির ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে এই ডিএ কার্যকর হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন শ্রমিক সংগঠনগুলি দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি করে আসছিল। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে এই সিদ্ধান্তটি রাজ্যের লক্ষ লক্ষ পরিবারকে স্বস্তি এনে দিয়েছে। উল্লেখ্য, মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রভাব মোকাবেলার জন্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান করা হয়। এই ভাতাটি পর্যায়ক্রমে সংশোধন করা হয় এবং এটি সরকারি কর্মচারীদের বেতনের একটি উল্লেখযোগ্য অংশ।
আরও পড়ুনঃ বাজেটে বিদ্যুতের বিল ছাড়ের ঘোষণা, কাদের স্বস্তি দিল রাজ্য সরকার?
আজ সোমবার অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত আর্থিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করে বিধানসভায় রাজ্যের বার্ষিক বাজেট পেশ করেন। তিনি ঘোষণা করেন যে, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর ফলে মোট ডিএ বেড়ে ৩৮ শতাংশ হবে।
কে কত টাকা পাবেন?
এখন সকলের প্রশ্ন, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর কে কত টাকা পাবেন? এক রিপোর্ট অনুযায়ী, ২০,০০০ টাকা মূল বেতনের রাজ্য কর্মচারীরা বর্তমানে মহার্ঘ ভাতা (ডিএ) হিসাবে ৩,৬০০ টাকা পান। ১ অক্টোবর থেকে এটি বেড়ে ৭,৬০০ টাকা হবে, অর্থাৎ তাঁরা প্রতি মাসে ৪,০০০ টাকা বেশি পাবেন। এদিকে, ৩০,০০০ টাকা মূল বেতনের কর্মচারীরা ৩৮ শতাংশ ডিএ সহ ১১,৪০০ টাকা পাবেন, যা বর্তমান ডিএ-র চেয়ে ৬,০০০ টাকা বেশি। পশ্চিমবঙ্গের ৭৫,০০০ টাকা মূল বেতনের কর্মচারীরা ডিএ বৃদ্ধির পর এখন ২৮,৫০০ টাকা মহার্ঘ ভাতা পাবেন, যা বর্তমান ডিএ-র চেয়ে ১৫,০০০ টাকা বেশি।










