অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: আশ্বিনের শুরুতেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের ভ্রুকুটি। ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা বুধবার মধ্যরাতে উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলে আছড়ে পড়ে। বাংলার উপকূলেও এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। দিঘায় (Digha) উত্তাল সমুদ্র। দুর্যোগের আশঙ্কায় প্রশাসন আগে থেকেই পর্যটক, স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সতর্ক করার জন্য প্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই দিঘার সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে।
দিঘার সমুদ্রের উত্তাল রূপ
প্রবল বেগে হাওয়ার সঙ্গে সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। নিম্নচাপের প্রভাবে বুধবার থেকেই রূপ বদলাচ্ছিল দিঘার সমুদ্র। বৃহস্পতিবার তার চরম দেখা যাচ্ছে। ওল্ড দিঘার বাঁধানো পাড়ের ওপর ছাপিয়ে পড়ছে ঢেউ, উল্টে দিচ্ছে পাড়ে রাখা ব্যারিকেড। তবু সকাল থেকে দিঘার সৈকতে পর্যটকদের আনাগোনা চলছে। সমুদ্রের এই ভয়াল রূপ স্বচক্ষে দেখতে ও ক্যামেরাবন্দি করতে অনেকেই আসছেন বিচে। অনেকে দিঘার সমুদ্রের এই রূপটি সমাজ মাধ্যমে শেয়ারও করেছেন।
তবে, এই পরিস্থিতিতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। গভীর নিম্নচাপের কারণে দিঘায় উত্তাল সমুদ্রের আশঙ্কায় প্রশাসন বুধবার রাত থেকে সৈকতের আশেপাশে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার ও নিরাপত্তা অভিযান শুরু করেছে। যেহেতু বৃহস্পতিবার সকাল থেকে দিঘা ও সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র অত্যন্ত উত্তাল রয়েছে এবং বিশাল ঢেউ তীরে আছড়ে পড়ছে, তাই পর্যটকদের জলে নামার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: মধ্যরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রাজ্যের মন্ত্রীর মেয়ে সহ মৃত ৪
ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত বিস্তৃত সমুদ্র তীরের সুরক্ষা প্রাচীর বরাবর দড়ি দিয়ে ব্যারিকেড বানানো হয়েছে। অবাঞ্ছিত ঘটনা প্রতিরোধের জন্য উপকূলরক্ষা বাহিনী এবং পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। তারা পর্যটকদের সুরক্ষা প্রাচীর থেকে দূরে থাকার নির্দেশ দিচ্ছেন। ইতিমধ্যেই গভীর নিম্নচাপের কারণে দমকা হাওয়ার পূর্বাভাস থাকায়, মৎস্যজীবীদের আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার এবং নৌকাগুলো নিরাপদ স্থানে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।










