সহেলি মিত্র, কলকাতাঃ এবার টানা ৫ রাত দুর্গাপুর ব্যারেজের (Durgapur Barrage) ওপর বন্ধ থাকবে যান চলাচল। আগামী ৫ জুন থেকে ৯ জুন নিয়ন্ত্রণ করা হবে ট্রাফিক ব্যবস্থা। যাত্রীসাধারণ ও চালকদের বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আপনিও কি রোজ এই ব্যারেজের ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আজকের এই খবরটি রইল আপনার জন্য।
টানা বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ
জানা গিয়েছে, বর্ষার আগে দুর্গাপুর ব্যারেজের পরিকাঠামো খতিয়ে দেখা সহ প্রয়োজনীয় মেরামতির কাজ সেরে রাখার জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে ব্যারেজের ওপর যান চলাচল নিয়ন্ত্রিত হবে শুধু রাতের বেলা। দিনে স্বাভাবিক নিয়মে করা যাবে যাতায়াত। উক্ত ৫ রাতের ওপর আবার আগের মতোই স্বাভাবিক ব্যবস্থা বজায় থাকবে।
বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মধ্যে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই দুর্গাপুর ব্যারেজ। ছোটো গাড়ির পাশাপাশি ভারী বাহন যেমন লরি আসা যাওয়ার অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক পথ। এই কয়েক দিন রাতেরবেলা যান চলাচল নিয়ন্ত্রণ করার ফলে হয়তো কিছুটা সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। তবে বিকল্প পথ খোলা রাখা হচ্ছে।
বিকল্প পথ কী?
অন্য পথ দিয়ে থাকবে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত ব্যারেজের উপর দিয়ে সমস্ত রকম গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই সময়কালে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান দুই জেলার প্রশাসনের যৌথ প্রয়াসে তৈরি রাখা হচ্ছে বিকল্প রুট। ভারী ও হালকা যানবাহনগুলিকে মেজিয়া সেতু বা রানিগঞ্জ হয়ে যাতায়াত করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।
সেচ দফতরের সহায়তায় লকগেট সহ ব্যারেজের অন্যান্য দিক খতিয়ে দেখা হবে। পরিস্থিতি খতিয়ে দেখার পর নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ, দরকারে করা হবে মেরামতির কাজ। ব্যারেজের পরিকাঠামো পরীক্ষা করার সময় যাতে কাজের অসুবিধা না হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে উক্ত পাঁচরাত দুর্গাপুর ব্যারেজের ওপর দিকে যান চলাচল বন্ধ রাখার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।










