২৪ ঘণ্টা পর নাদিমুল হকের অফিস ছাড়লেন ED অফিসাররা, কী কী মিলল?

Published:

Enforcement Directorate Leaves Nadimul's Office

অনন্যা সরকার, কলকাতা: গোটা একদিন ধরে চললো তল্লাশি অভিযান। মঙ্গলবার অবশেষে তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভা সাংসদ নাদিমুল হকের (Nadimul Haque) কার্যালয় থেকে বেরোলেন ইডি (Enforcement Directorate) আধিকারিকেরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তদন্তকারীদের একটি দল সাংসদের পার্ক সার্কাসে অবস্থিত বিশিষ্ট উর্দু সংবাদপত্র ‘আখবার-এ-মাশরিক’-এর অফিসে আকস্মিক অভিযান চালায়। মঙ্গলবার সকালে তদন্তকারীরা বেশ কিছু নথি সংগ্রহ করে অফিসটি ছাড়লেন। শোনা যাচ্ছে, ওই সংবাদপত্রের ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু অনিয়মিত লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা অডিটে প্রকাশিত হয়নি, এই অসঙ্গতিগুলিই তদন্ত করার জন্য সোমবার অফিসটিতে হানা দেয় ইডি।

নাদিমুল হকের অফিসে তল্লাশি অভিযান শেষ করলো ইডি 

সোমবার সকাল সকাল ইডি-এর কর্মকর্তারা পৌঁছে যান পার্ক সার্কাসের ১২ দরগা রোডের ‘আখবার-এ-মাশরিক’-এর কার্যালয়ে। তখন এই সংবাদপত্রের ডিরেক্টর ও রাজ্যসভার সদস্য নাদিমুল হক কলকাতায় ছিলেন না। পরে তিনি রাঁচিতে রয়েছেন জানতে পেরে, ইডি-এর কর্মকর্তারা সেখানেই তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এরপর ইডি-এর দুই গাড়ি প্রহরায় তৃণমূল কংগ্রেসের সাংসদ নিজের গাড়িতে করে ফেরেন কলকাতা। শহরে ফেরার পরও তাঁকে আরও কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুনঃ হার মানাতে পারেনি অভাব ও ব্যর্থতা, কোচিং ছাড়াই UPSC ক্র্যাক করে IAS কৃষকের কন্যা

শুধু অফিস নয়, নাদিমুল হকের ফ্ল্যাট এবং তাঁর আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। তবে, মঙ্গলবার সকালে, প্রায় ২৪ ঘণ্টা পর গুরুত্বপূর্ণ সমস্ত নথি, ডিজিটাল রেকর্ডের পাশাপাশি, নাদিমুল হকের ফোনের ডেটা বাজেয়াপ্ত করে তদন্তকারীরা বেরিয়ে আসেন। তদন্তের সময়, সংস্থাটির বাকি কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। জানিয়ে রাখি, তৃণমূল সাংসদের সংবাদপত্রের অফিসকে ঘিরে অবৈধ লেনদেনের অভিযোগ এই প্রথম নয়। গত মাসেও পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপর এই আর্থিক জালিয়াতির মামলার তদন্তের ভার ইডি-এর হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ বন্ধ থাকবে স্কুল, কলেজ অফিস! পুজোর আগেই বাংলায় ফের অতিরিক্ত ছুটি, কবে?

কলকাতার পার্ক সার্কাস ছাড়াও, সুপরিচিত উর্দু সংবাদপত্র, ‘আখবার-এ-মাশরিক’ আসানসোল, শিলিগুড়ি, রাঁচি, দিল্লি, লখনউ, ভোপাল এবং শ্রীনগর থেকে নিয়মিত ছাপা ও প্রকাশিত হয়। তদন্তকারী এজেন্সি এই আর্থিক অসঙ্গতির মামলার তদন্ত করার জন্য সোমবার একসাথে ৭টি জায়গায় হানা দেয়। ইডি কর্মকর্তারা নাদিমুল হককে এবিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানিয়েছে। বর্তমানে নথিপত্রগুলি খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।