প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি সরকার (Government Of West Bengal) বাংলায় ক্ষমতা দখল করতে না করতেই পূর্বতন সরকারের আমল থেকে চালু হওয়া একাধিক জিনিসের আমূল পরিবর্তন ঘটিয়েছে। আরও বহু বদল আসন্ন। তবে শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে নয় জনসাধারণ এবং পড়ুয়াদের জন্য আনা হয়েছে একাধিক পরিবর্তন। যার মধ্যে অন্যতম হল স্কুল ইউনিফর্ম (School Uniform)। এবার সরকারি স্কুলের ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে বড় ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)। স্পষ্ট জানিয়ে দিলেন, নীল-সাদা রঙের প্রতি সরকারের কোনও আপত্তি নেই।
‘বিশ্ববাংলা’র লোগো নিয়ে আপত্তি সরকারের
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার, বিকাশ ভবনের সাততলায় সাংবাদিক বৈঠক করেছিলেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। এদিন স্কুলের সিলেবাস থেকে শুরু করে ইউনিফর্ম একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। পূর্ববর্তী সরকারের আমল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নীল-সাদা রং আর ‘বিশ্ববাংলা’র লোগো দেওয়া ইউনিফর্ম চলে আসছিল। কিন্তু সরকার পরিবর্তন হতেই ঘোষণা করা হয়েছিল যে শীঘ্রই সেই রং বদল করা হবে। অর্থাৎ সরকারি স্কুলের ইউনিফর্মের রং নিয়ে নানা জল্পনা তৈরি হয়। এবার সেই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে বড় ঘোষণা করেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন।
কী বলছেন শিক্ষামন্ত্রী?
বৃহস্পতিবার স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান যে, “স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিফর্মের রং যা খুশি হতেই পারে। এমনকি নীল-সাদাতেও আপত্তি নেই। তবে ‘বিশ্ববাংলা’র ওই লোগো কোথাও ব্যবহার করা যাবে না।” তাঁর মতে, স্কুল ইউনিফর্ম বাছাইয়ের নেপথ্যে আসলে কোনও কোনও স্কুলের আবেগ ও ইতিহাস জড়িত থাকে। এটা স্কুল কর্তৃপক্ষের নিজস্ব স্বাধীনতা। অর্থাৎ ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক রঙের প্রশ্নে নয়, বরং নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে বিবেচিত হবে। এদিন দীপক বর্মনের বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে যে, স্কুল ইউনিফর্মের রং পরিবর্তন নিয়ে যে নানা জল্পনা ছড়িয়েছিল, তার অনেকটাই ভিত্তিহীন।
আরও পড়ুন: ভাঙড়ে জোট বাঁধছে তৃণমূল-নওশাদ? ISF-র পদক্ষেপে জল্পনা
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার রদবদল হতেই, বিভিন্ন সরকারি ভবন থেকে শুরু করে ব্রিজ, স্কুল ইউনিফর্ম সর্বত্রই নীল সাদা রং পরিবর্তন করা নিয়ে এক তুমুল উত্তেজনা ছড়িয়েছে। অনেকের ধারণা এবার বিজেপি জমানায় নীল-সাদা বদলে গেরুয়া রং করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই নবান্ন, বিকাশ ভবনের রং বদলাচ্ছে গেরুয়া সাদা তে। তাই স্বাভাবিকভাবেই এবার স্কুল ইউনিফর্মের রংবদল নিয়েও বাড়ছে জল্পনা। তবে শিক্ষা মন্ত্রী দীপক বর্মন এদিন নতুন ইউনিফর্মের নকশা, রং বা কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কোনও ঘোষণা করেননি।










