বিক্রম ব্যানার্জী, কলকাতা: বঙ্গে ভোটের আবহে চর্চায় রয়েছেন উত্তরপ্রদেশের IPS অফিসার অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। এবার তাঁর ভুয়ো ভিডিও ছড়ানোর চেষ্টার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে দিল্লির এক থানায় দায়ের হলো লিখিত অভিযোগ। জানা যাচ্ছে, সিংঘমের নামে কুৎসা এবং অপপ্রচার চালানোর চেষ্টা করার অভিযোগ তুলে মহুয়ার বিরুদ্ধে দিল্লির মন্দির মার্ক সাইবার থানায় অভিযোগ (FIR) লিখিয়েছেন এক ব্যক্তি। তাঁর দাবি, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে! তাঁর সম্মানহানির জন্যই এই কাজ করা হয়েছে।
অভিযোগপত্রে ঠিক কী দাবি করেছেন অভিযোগকারী?
বিগত বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন ডায়মন্ড হারবারের নতুন পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মা। সেই সিংঘমের বিরুদ্ধেই বিগত দিনগুলিতে বেশ কিছু অভিযোগ উঠেছে। একই সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তোলপাড় হয়ে যাচ্ছে নানা মহল। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও সেই ভিডিও শেয়ার করায় এবার তাঁর বিরুদ্ধে সরাসরি দিল্লির থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী ব্যক্তি।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ পত্রে ওই ব্যক্তি দাবি করেছেন, পুলিশ অফিসারের বিরুদ্ধে মিথ্যা এবং অপপ্রচার চালিয়ে তাঁর সম্মানহানি করার চেষ্টা হচ্ছে। এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যেও ক্ষতিকর। সে কারণেই ভিডিওর উৎস খুঁজে বের করে এবং ভিডিওটির মূল স্রষ্টাকে সামনে এনে উপযুক্ত আইনানুক ব্যবস্থা নেওয়া হোক। শুধু তাই নয়, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেই উৎস থেকে ভিডিওটি সরিয়ে নেওয়ারও আবেদন জানানো হয় অভিযোগকারীর তরফে। একই সাথে, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রও যে সেই ভিডিও শেয়ার করেছিলেন পুলিশকে সেটাও জানান ওই ব্যক্তি।
অবশ্যই পড়ুন: দ্রুত গতিতে গলছে বরফ স্তর, কমছে হিমালয়ের উচ্চতা! নেমে আসতে পারে বড় সংকট
অভিযোগকারী একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, ভিডিওটির সত্যতা কতটা তা সামনে আনা উচিত। তিনি মনে করেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্য নিয়ে বানানো হয়েছে। এর মধ্যে দিয়ে ওই পুলিশ অফিসারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেছে কিছু অসাধু ব্যক্তি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রতিক্রিয়া জানাননি তৃণমূল সাংসদ মহুয়া থেকে শুরু করে ঘাসফুল শিবিরের কেউই।










