অন্নপূর্ণার টাকা জমিয়েই প্রথম দুর্গাপুজো, মালদহে নতুন চমক মহিলাদের

Published:

Annapurna Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দিয়ে প্রথমবার দুর্গাপুজো করার উদ্যোগ নিলেন মহিলারা। জানা গিয়েছে, মালদহ (Malda) পুরসভার অন্তর্গত স্কুল রোড পাড়ায় প্রথমবারের মতো দেবী দুর্গার আরাধনা হবে জমানো টাকায় (Annapurna Yojana Money)। ইতিমধ্যেই এই আনন্দের মাঝে খুঁটি পুজো দিয়ে শুরু হল নতুন দুর্গোৎসবের প্রস্তুতি। তবে শুধু একা মহিলারা নয় এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন এলাকার পুরুষেরাও।

অন্নপূর্ণা যোজনার টাকায় হবে প্রথম দুর্গাপুজো

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পুরাতন মালদহ পুরসভার ৪ এবং ৫ নম্বর এই দুই ওয়ার্ডের একাধিক পাড়ায় দুর্গাপুজো হয়। কিন্তু স্কুলরোড পাড়ায় এতদিন দুর্গাপুজো হত না। আর তাতেই আপসোস থাকত ওই এলাকার বাসিন্দাদের। পাড়ার মহিলারা বেশ কয়েকবছর ধরে পরিকল্পনাও করছিলেন দুর্গাপুজো করার। কিন্তু বাজেট সমস্যার কারণে হয়নি। কিন্তু এবার সরকারের তরফে অন্নপূর্ণা যোজনার সাহায্য মিলতেই মা দুর্গার আরাধনা করার সুযোগ পেলেন সকলে। ইতিমধ্যেই প্রতিমা অর্ডার দেওয়ার পাশাপাশি পুরোহিতকেও বায়না দেওয়া হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, খুঁটি পুজোও সম্পন্ন হয়েছে। অন্তত ২০ জন মহিলা সদস্য মিলে এই আয়োজনের দায়ভার নিয়েছে।

সাহায্য চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও

পুজো আয়োজনের জন্য যে কমিটি তৈরি করা হয়েছে, তার নাম রাখা হয়েছে অন্নপূর্ণা মহিলা সমিতি। কমিটির সদস্যা রিংকি সরকার দাস বলেন, পুজো আয়োজনে যাতে আর্থিক সমস্যা না হয়, সেজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ফোনে সাহায্যের আবেদন জানানো হয়েছে। আপাতত মহিলাদের চাঁদায় পুজো হবে। এলাকার প্রায় সব মহিলাই অন্নপূর্ণা যোজনার ভাতা পাচ্ছেন। সেখান থেকেই মাসে মাসে দু’হাজার, এক হাজার টাকা জমিয়ে রাখছেন তাঁরা। এছাড়াও এলাকা থেকেও চাঁদা তোলা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রথমবারের পুজোতে কোনো ত্রুটি রাখতে চাইছে না কেউই।

আরও পড়ুন: “নরখাদকের পাল্লায় পড়ে…” নাম না করে মমতাকে নিশানা? বিস্ফোরক কাকলি

এদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে এখনও জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ দেখা গিয়েছে। তাঁদের অভিযোগ, একের পর এক আবেদন জানানোর পরেও চার মাস কেটে গিয়েছে কিন্তু এখনও তাঁরা একবারও অন্নপূর্ণা যোজনার মাসিক ৩০০০ টাকা পাননি। ইতিমধ্যেই বিক্ষোভকারী মহিলারা মালদহের হরিশ্চন্দ্রপুর, নদিয়ায় কৃষ্ণগঞ্জ, হুগলির পোলবায় বিক্ষোভ করছেন। কোথাও বিডিওর দফতরের সামনে চলছে হইচই কোথাও আবার পঞ্চায়েত দফতরে বিজেপি মহিলা কর্মীরাই তালা ঝুলিয়ে দিচ্ছে বলে অভিযোগ। এখন দেখার কবে এই অন্নপূর্ণা বিভ্রাট কাটে।