পশ্চিমবঙ্গে আরও রেশন কার্ড বাতিল করতে উদ্যোগী সরকার, কাদের বাদ যাবে? জানুন

Published:

Ration Card Cancellation

অনন্যা সরকার, কলকাতা: রেশন (Ration) ব্যবস্থার সুবিধা পান দেশের কোটি কোটি মানুষ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সরকার চাল, ডালের মতো খাদ্য সামগ্রী বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে দেয়। রেশন কার্ড (Ration Card) পেতে গেলে নির্ধারিত কিছু মানদণ্ড আছে, তার বাইরের মানুষজন সরকারি খাদ্য বন্টন ব্যবস্থার সুবিধা পান না। ইতিমধ্যেই ভারতের প্রায় ৬ কোটি রেশন কার্ড (Ration Card) বাতিলের জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের। একাধিক মাপকাঠিতে তদন্তের পর উক্ত গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন কিছু নতুন মানদন্ডের উপর ভিত্তি করে আরও কিছু রেশন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে। সরকার এই নামগুলিও রেশন তালিকা থেকে বাদ দেবে বলে জানা গেছে।  

রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া চলছে

যাচাইকরণ প্রক্রিয়ার দ্বিতীয় দফার দেখা হচ্ছে রেশন কার্ডধারীদের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী, ইপিএফ (EPF) ফান্ডের সুবিধাসহ মাসিক বেতনের কর্মী, জিএসটি নম্বরধারী চারচাকা বা ভারী কমার্শিয়াল গাড়ির মালিকরা আছেন কিনা। নির্দিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই তথ্যাগুলি নেওয়া হচ্ছে। রাজ্যগুলির কাছে এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাতিল হওয়া ভোটারদের নামও চেয়ে পাঠানো হয়েছে। 

প্রথম পর্যায়েই প্রায় ৬ কোটি রেশন কার্ডহোল্ডারকে চিহ্নিত করা গেছে, যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। এদের ন্যূনতম বার্ষিক আয়ই ৬ লক্ষ টাকা। এর মধ্যে কেউ কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন, আবার কারও একাধিক রাজ্যে রেশন কার্ড রয়েছে। তবে এই ৬ কোটির মধ্যে মৃত কিংবা আধার কার্ড বাতিল করা ব্যক্তিরাও রয়েছে। পশ্চিমবঙ্গে এই ধরনের কার্ড রয়েছে প্রায় সাড়ে ১৭ লক্ষ।

আরও পড়ুনঃ ইলিশের আকাল, কমেছে দেশীয় মাছও! বাধ্য হয়ে পেশা বদলাচ্ছেন মৎস্যজীবীরা

২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে, দেশের প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। এই আইন কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যগুলিতে রেশন গ্রাহকের কোটা বাড়ানো হয়নি। পশ্চিমবঙ্গের ৬ কোটি মানুষের কাছে জাতীয় প্রকল্পের অন্তর্গত রেশন কার্ড রয়েছে। আর অতিরিক্ত প্রায় ২ কোটি ৮০ লক্ষ মানুষ রাজ্য সরকারের ভর্তুকিতে আলাদাভাবে বিনামূল্যে খাদ্যশস্য পান। তবে রাজ্যের বিগত সরকার নির্দিষ্ট মাপকাঠির বাইরে গিয়ে অনেক রেশন কার্ড মঞ্জুর করেছিল। সেগুলিকেই এখন বাতিল করছে কেন্দ্র।